স্বপ্ন পূরণ হচ্ছে মাযহারুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের সেই মেধাবী ছাত্র মাযহারুল ইসলামের দায়িত্ব নিচ্ছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষকেরা। এ ছাড়া দেশ-বিদেশের অনেকে মাযহারুলের স্বপ্ন পূরণে তাঁর পাশে দাঁড়িয়েছেন।

২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাক্রম ৩০৬ অর্জন করে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন মাযহারুল। তাঁর সর্বমোট নম্বর ১৬৭ দশমিক ৬০। কিন্তু ভর্তির জন্য প্রায় ১৩ হাজার টাকার সংস্থান করা সম্ভব হচ্ছিল না মাযহারুলের রিকশাচালক বাবার। এ নিয়ে গতকাল সোমবার প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘স্বপ্ন পূরণে বাধা ১৩ হাজার টাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর মাযহারুলের সহায়তায় অনেকে এগিয়ে এসেছেন।

এই সংবাদ প্রকাশের পর ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম প্রথম আলোর মাধ্যমে মাযহারুলের সঙ্গে যোগাযোগ করেন। তিনি মাযহারুলকে ঢাকা এসে তাঁর সঙ্গে দেখা করতে বলেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় শিবলী রুবাইয়াতুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অ্যাকাউন্টিং বিভাগ ভর্তির ১৩ হাজার টাকার মধ্যে বিভাগের যে পাঁচ হাজার টাকা আছে, কর্তৃপক্ষ তার কাছ থেকে তা নেবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাকি টাকাটা আমরা ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষকেরা দেব। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যালমনাইয়ের পক্ষ থেকে ১০০ জনকে বৃত্তি দেওয়া হয়। ভর্তি পরবর্তী খরচ নির্বাহের জন্য মাযহারুলকে সে বৃত্তিটি দেওয়া হবে।’

গতকাল সংবাদটি প্রকাশিত হওয়ার পর থেকে মাযহারুলকে সাহায্য করার জন্য দেশ ও বিদেশ থেকে অনেকেই প্রথম আলোর সঙ্গে যোগাযোগ করেছেন।

মাযহারুল ইসলাম বলেন, প্রথম আলো আমার জীবন পরিবর্তনে ইতিবাচক হয়ে থাকল।
মাযহারুলের বাবা আবদুস সবুর বলেন, সংবাদটি প্রকাশের কারণে লালমনিরহাটসহ বাংলাদেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে অনেকে আমার মতো একজন সাধারণ মানুষের ছেলের শিক্ষার জন্য যে আগ্রহ ও উৎসাহ দেখিয়েছেন, তা চিরদিন মনে থাকবে। ছেলের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।