স্বপ্ন পূরণ হতে চলেছে পাইন্দং-কাঞ্চননগরবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধুরুং খালের ওপর নির্মাণাধীন সেতু  প্রথম আলো
ধুরুং খালের ওপর নির্মাণাধীন সেতু প্রথম আলো

‘হাল, চাষ আর গরু, এ নিয়ে এন্ডের মাইনষর দিন শুরু।’ (হাল, চাষ আর গরু, এসব নিয়ে এখানকার মানুষের দিন শুরু)। ‘শাকসবজি চাষাবাদে ভরপুর, তার নাম কাঞ্চনপুর।’ ফটিকছড়ি উপজেলার কাঞ্চনপুরের মানুষের মুখে ফেরা একসময়ের এসব আঞ্চলিক প্রবাদ এখন আর নেই। দ্রুত বদলে গেছে এখানকার চাষপদ্ধতি। বদলে যাচ্ছে যোগাযোগের সার্বিক চিত্রও। আগে যেখানে গরুর গাড়িই ছিল যাতায়াতের বাহন, সেখানে বিভিন্ন সড়কে এখন চলছে কার, মাইক্রো, ফ্রাডো ও মার্সিডিজের ব্যবহার।
তবে কাঁচা সড়কের ওপর দিয়ে যানবাহন চলাচল করলেও ধুরুং খালের ওপর একটি সেতুর অভাবে পাইন্দং-কাঞ্চননগর এলাকার ২০ হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। এলাকাবাসীর দীর্ঘদিনের সেই সেতুর স্বপ্নও পূরণ হতে চলেছে। এটি বাস্তবায়ন হলে যোগাযোগব্যবস্থায় আরও এক ধাপ এগিয়ে যাবে এলাকাবাসী।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ধুরুং খালের ওপর ৯৫ দশমিক ১০ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০১১ সালের ৩০ আগস্ট। এটি নির্মাণে খরচ হচ্ছে দুই কোটি ৮৮ লাখ ৯৫ হাজার টাকা। ইতিমধ্যে ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি বছরের শেষের দিকে এটির নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এলাকার সমাজসেবক মো. মঞ্জুর মোর্শেদ ফিরোজ বলেন, সেতুটি চালু হলে এলাকাবাসী উন্নয়নের ধারায় আরও এক ধাপ এগিয়ে যাবে। এলাকার শিক্ষার্থীদের যাতায়াত, কম খরচে এলাকায় উৎপাদিত কৃষিপণ্য পরিবহনসহ সার্বিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুহাম্মদ এনাম বলেন, সেতুটি নির্মাণের ফলে শুধু কাঞ্চনগর এলাকার অন্তত ২০ হাজার মানুষ উপকৃত হবে।
কাঞ্চুরহাট বাজারের ব্যবসায়ী মো. আজিম উদ্দিন বলেন, বর্তমানে ধুরুং খালের হাঁটুপানি মাড়িয়ে পাইন্দং থেকে বাজারে আসতে হয়। সেতুটি হলে পাইন্দং এলাকার লোকজন কাঞ্চননগর-লক্ষ্মীছড়ি হয়ে সহজে খাগড়াছড়ি পর্যন্ত যাতায়াত করতে পারবে।
স্থানীয় লোকজন জানান, গত তত্ত্বাবধায়ক সরকারের স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল হলেন কাঞ্চননগর ইউপির চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরীর আত্মীয়। তাঁদের প্রচেষ্টায় ২০০৭ সালে কাঞ্চননগরের ওপর দিয়ে বয়ে যাওয়া বিবিরহাট হতে বাইন্ন্যাচ্ছোলা সড়কটি কার্পেটিং হয়। এর পর থেকে এলাকার মানুষ প্রতীক্ষায় ছিল একটি সেতুর জন্য। পরবর্তী সময়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম ও মো. মঞ্জুর মোর্শেদ ফিরোজ ওপর মহলে তদবির করে সেতুটি নির্মাণের উদ্যোগ নেন।
উপজেলা প্রকৌশলী সচী দুলাল বিশ্বাস বলেন, কাজ শেষে সেতুটি উন্মুক্ত করার পর এলাকার লোকজন নানা দিক থেকে উপকৃত হবে।