স্বপ্ন পূরণ হলো না আকিফের
মেরিন একাডেমিতে ভর্তি হওয়ার সাধ ছিল তাঁর। সম্প্রতি সাঁতারও শিখেছিলেন। বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে নদী দেখে নেমেছিলেন অনুশীলনে। কিন্তু হায়! ডাঙায় ওঠা হলো না তাঁর। নদীর বুকেই সলিলসমাধি হলো স্বপ্নবান এ তরুণের।
নাম তাঁর আকিফ মো. আবু হোরায়রা (১৮)। গতকাল মঙ্গলবার ফেনীর সোনাগাজীর চর মজলিশপুর গ্রামে ছোট ফেনী নদীতে ডুবে মারা যান তিনি।
আকিফ ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তাঁর বাবা মো. হাবিব উল্লা প্রামাণিক ঢাকায় চাকরি করেন। রাজধানীর শেরেবাংলা নগরে তাঁদের বাসা। আকিফের গ্রামের বাড়ি নেত্রকোনা।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বন্ধুর ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গত শনিবার সোনাগাজীর চর মজলিশপুর ভূঞা বাড়িতে আসেন আকিফ। গতকাল দুপুরে অন্য বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ছোট ফেনী নদীতে সাঁতার কাটতে নামে তিনি। একপর্যায়ে তিনি ডুবে যান। এ সময় আকিফকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আকিফের মামা ও দৈনিক সকালের খবর-এর নেত্রকোনা প্রতিনিধি মনিরুজ্জামান জানান, আকিফ কয়েক দিন আগে পরিবারের সঙ্গে ঢাকা থেকে নেত্রকোনায় নানাবাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বন্ধুর ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সোনাগাজী গেছেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা জানান, গতকাল বিকেলে আকিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।