স্বপ্ন পূরণ হলো না তাহমিনার

দুচোখ ভরা স্বপ্ন ছিল মেয়েটির। পড়াশোনা চালিয়ে যাবেন। ভালো চাকরি নেবেন। ঘুরিয়ে দেবেন সংসারের চাকা। সে স্বপ্ন এখন টঙ্গীর টাম্পাকো কারখানার ধ্বংসস্তূপে বিলীন। তাঁর চাওয়া-পাওয়া এখন স্বজনদের কাছে বেদনার স্মৃতি আর হাহাকার।এইচএসসি পাস করে পোশাক কারখানায় চাকরি নেন তাহমিনা আক্তার। কারখানার কঠোর পরিশ্রমের মধ্যেও পড়াশোনা ছাড়েননি। ডিগ্রি পরীক্ষা দিতে কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদনও করেন। কিন্তু তাঁর সে সাধ এখন মরীচিকা। টঙ্গীর টাম্পাকো কারখানায় বিস্ফোরণ ও আগুনের ঘটনায় মারা গেছেন তিনি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আদমপুর গ্রামে তাঁর বাড়ি। টঙ্গীর মন্নু নগর মিরামপাড়ার ভাড়া বাসায় থাকতেন।
গ্রামে মা-বাবার সঙ্গে ঈদ করতে কাকডাকা ভোরে তাহমিনা বাসা থেকে বের হন। তাঁর ব্যাগে নতুন পোশাক ছিল। হাতে ছিল উপহার পাওয়া পোলাওয়ের চাল। টঙ্গীর বাসস্ট্যান্ডে যেতে রিকশায় ওঠেন তিনি। রিকশা যখন টাম্পাকো কারখানার সামনে আসে, ঠিক তখনই ভবন ধসে পড়ে রিকশার ওপর। সঙ্গে সঙ্গে মারা যান তাহমিনা।
তাহমিনার নাম উঠে গিয়েছিল অজ্ঞাতনামা ব্যক্তিদের তালিকায়। তাঁকে শনাক্ত করেন তাঁর প্রতিষ্ঠান পাকিজা নিটওয়্যারের ব্যবস্থাপক মারুফ বিল্লাহ। তাহমিনার ব্যাপারে তিনি বলেন, টাম্পাকো কারখানায় বিস্ফোরণের খবরে তিনি ঘটনাস্থলে যান। শুনতে পান একজন নারী মারা গেছেন। পরিচয় জানা যায়নি। পরে একটি ব্যাগ উদ্ধার করেন। ব্যাগে তাহমিনার মোবাইল সেট পাওয়া যায়। তাঁর মোবাইল থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। এভাবে তাঁকে তাহমিনা বলে শনাক্ত করা হয়।
টাম্পাকো কারখানার পাশেই পাকিজা নিটওয়্যার কারখানা। ঈদ উপলক্ষে ছুটি ঘোষণার পর তাহমিনা বাড়ি ফিরছিলেন।
মারুফ বিল্লাহ বলেন, ‘ঈদের সময় আমাদের কোম্পানির পক্ষ থেকে কিছু গিফট দেওয়া হয়। দুই কেজি পোলাওর চাল ও কিছু গরম মসলা দেওয়া হয়েছে। আর দেওয়া হয় পাকিজার লোগো ওয়ালা একটা ব্যাগ। মেয়েটির সঙ্গে ছিল ওই ব্যাগ। ব্যাগ থেকে বুঝতে পেরেছি মেয়েটি আমাদের গার্মেন্টসের কর্মচারী।’
তাহমিনাকে প্রথমে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়। এরপর তাঁর লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। মারুফ বলেন, ‘এইচএসসি পাস করা মেয়েটির ডিগ্রি পাস করার অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আর পূরণ হলো না।’