স্বপ্ন পূরণ হলো জাহিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে পুলিশ কনস্টেবল বাবলু মিয়ার কলেজপড়ুয়া ছেলে জাহিদ হাসানের। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী তিনি পুলিশে চাকরি পেয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী বাবলু মিয়ার পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দেন। পুলিশের পক্ষ থেকেও পাঁচ লাখ টাকা দেওয়া হয়।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে জামায়াত-শিবিরের হামলায় কনস্টেবল বাবলু মিয়াসহ পুলিশের তিন সদস্য নিহত হন। বাবলু মিয়ার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়ায়।
বাবার মৃত্যুর পর আর্থিক সহযোগিতার বদলে বাবলু মিয়ার ছেলে জাহিদ হাসান বাবার দেশসেবার স্বপ্ন পূরণ করতে প্রধানমন্ত্রীর কাছে পুলিশে চাকরির আকুতি জানান।
জাহিদ হাসানের এ আকুতি নিয়ে কয়েক মাস আগে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। পরে বাবলু মিয়ার বড় ছেলে জাহিদ হাসানকে পুলিশে চাকরির প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।
প্রতিশ্রুতি অনুযায়ী, জাহিদ হাসানের হাতে ইতিমধ্যে পুলিশ কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।
সদ্য নিয়োগ পাওয়া জাহিদ হাসান গত ১ মার্চ থেকে প্রশিক্ষণে রয়েছেন।
বাবলু মিয়ার অন্য দুই ছেলেমেয়ের মধ্যে মেয়ে বাবলী আখতার স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণীতে ও ছোট ছেলে নাহিদ হাসান তৃতীয় শ্রেণীতে পড়ছে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তিন ছেলেমেয়ে নিয়ে চরম বিপাকে পড়েন বাবলু মিয়ার স্ত্রী জোসনা বেগম।
ছেলের চাকরি পাওয়ার প্রতিক্রিয়ায় জোসনা বেগম বলেন, ‘আমার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছেন। প্রধানমন্ত্রী বড় ছেলেকে চাকরি দিয়ে তাঁর (স্বামী) অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর প্রতি চির কৃতজ্ঞ।’
জাহিদ হাসান বলেন, ‘বাবার আদর্শ নিয়ে দেশের জন্য কাজ করে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করব।’