
সাদা সুইচে অতিথিরা চাপ দিলেন। সঙ্গে সঙ্গে সরে গেল ফলকের সামনের লাল পর্দা। এর মধ্য দিয়ে উন্মুক্ত হলো সেতুর দ্বার। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো কুষ্টিয়া সদর উপজেলার হাটশ-হরিপুর ইউনিয়নবাসীর।
কুষ্টিয়া শহরঘেঁষা গড়াই নদের ওপর নির্মিত সেতুটি গতকাল শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৫০০ মিটার দৈর্ঘ্যের সেতুটির নাম শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু। ৯৬ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোশাররফ হোসেন, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জেলা প্রশাসক জহির রায়হান, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, হাটশ-হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্পা মাহমুদ প্রমুখ।
পরে মন্ত্রী মোশাররফ হোসেন সেতুর কুষ্টিয়া অংশে দাঁড়িয়ে ফিতা কেটে গাড়িতে ওঠেন। সেতু পার হয়ে হরিপুর অংশে যান। সেখানে নদের পাড়ে সেতুর পাশে জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান।
জনসভায় জড়ো হয় কুষ্টিয়া শহর ও হরিপুরের হাজারো মানুষ। হরিপুরের বাসিন্দা ও সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি আলিমুজ্জামান বলেন, ইউনিয়নে প্রায় ৪৫ হাজার মানুষের বসবাস। ১৯৯৫ সাল থেকে সেতুর জন্য আন্দোলন-সংগ্রাম শুরু হয়েছিল। ২০১৩ সালে সেতুর কাজ শুরু হয়। বোয়ালদহ গ্রামের ষাটোর্ধ্ব রবিউল ইসলাম বলেন, ‘এখন আর কেউ বলতে পারবে না আমরা পাইরু (নৌকায় গড়াই নদ পার হয়ে কুষ্টিয়া আসা) এলাকার মানুষ। হরিপুর কুষ্টিয়া শহরেরই একটা অংশ হয়ে গেল।’
সেতু খুলে দেওয়ার পর এর ওপর স্থানীয় লোকজন হেঁটে বেড়ান। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে মুঠোফোনে ছবি তোলেন।