
পাবনার বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার রিকশাচালক আবু সাঈদের ছেলে এস এম আবদুর রব এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়ার সুযোগ পেয়েছেন। ছেলের এই সাফল্যে আবু সাঈদ অত্যন্ত খুশি। তবে ছেলের পড়াশোনার খরচ জোগানোর কথা ভেবে চিন্তায় পড়েছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, সারা দিন রিকশা চালিয়ে সাঈদ যা রোজগার করেন, তা দিয়ে কোনো রকমে সংসার চলে। এর পরও তিনি তিন সন্তানকে উচ্চশিক্ষিত করার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তাঁর বড় সন্তান খাদিজা আক্তার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের বিএসসি (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রী। ছোট সন্তান আবদুল বারী নবম শ্রেণীর ছাত্র। মেজো সন্তান আবদুর রব গত ১৩ নভেম্বর প্রকাশিত বুয়েটের ভর্তি পরীক্ষায় ৩২৮তম স্থান অধিকার করেছেন। ২৮ জানুয়ারি বুয়েটে তাঁর ভর্তির সাক্ষাৎকার।
সম্প্রতি রবদের বাড়িতে যাওয়ার পথে দেখা মেলে তাঁর বাবা আবু সাঈদের। ছেলের কথা জিজ্ঞাসা করতেই তাঁর চোখেমুখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে। আবু সাঈদ এই প্রতিবেদককে নিয়ে যান তাঁর বাড়িতে। আবদুর রব জানান, উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ থেকেই তিনি ছাত্র পড়িয়েছেন। এ থেকে যা পেয়েছেন, তার কিছুটা দিয়ে চলেছে তাঁর পড়ার খরচ। কিছু টাকা জমিয়েছিলেন ভর্তি পরীক্ষার কোচিং করার জন্য। বাকি অর্থ তুলে দিয়েছেন বাবার হাতে সংসার চালানোর জন্য। রব বলেন, ‘বুয়েটে পড়াশোনার খরচ চালানো নিয়ে বাবা কিছুটা চিন্তিত। আমি তাঁকে বলেছি, টিউশনি করে যখন উচ্চমাধ্যমিক পাস করেছি, তখন বুয়েট থেকেও পাস করে বের হতে পারব।’
আবু সাঈদ জানান, ভিটেমাটি ছাড়া তাঁর কোনো সম্পত্তি নেই। রিকশা চালিয়ে কোনো দিন ২০০ থেকে ২৫০ টাকা, আবার কোনো দিন ১০০ টাকাও আয় হয়। আবদুর রব বলেন, ‘প্রকৌশলী হয়ে আমি বাবাকে রিকশা চালানোর কষ্ট থেকে মুক্তি দিতে চাই।’