স্বপ্ন পূরণের পথে সেই রাসেল

পা দুটি বাঁকা। সোজা হয়ে দাঁড়ানো বা হাঁটার সামর্থ্য—কোনোটাই নেই তাঁর। হামাগুড়ি দিয়েই করতে হয় চলাফেরা। একটি হাতের চারটি আঙুলই নেই। তবুও হাতের তালু, পায়ের গোড়ালি আর দাঁত দিয়েই কাজ করেন মুহাম্মদ রাসেল। তিনি বেতের আসবাবের নিপুণ কারিগর। তাঁর স্বপ্ন ছিল, নিজেই একদিন কারখানার মালিক হবেন। অবশেষে সেই স্বপ্নই পূরণ করতে চলেছেন প্রতিবন্ধী রাসেল।
গত ৩১ অক্টোবর ‘প্রথম আলো’র সাপ্তাহিক ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে প্রকাশিত ‘প্রতিবন্ধী রাসেলের জীবন জয়’ শীর্ষক একটি প্রতিবেদন দেখে রাসেলকে সহযোগিতার জন্য এগিয়ে আসে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান) নামের ওই সংগঠনটি ১৬ জানুয়ারি নিজে থেকেই ব্যবসা শুরু করার জন্য স্বনির্ভর প্রকল্পের আওতায় ১০ হাজার টাকা তুলে দেয় রাসেলের হাতে।
১৬ জানুয়ারি চট্টগ্রাম নগরের আঞ্চলিক কার্যালয়ে রাসেলের হাতে টাকা তুলে দেন বি-স্ক্যানের সভাপতি সাবরিনা সুলতানা।
সাবরিনা সুলতানা ‘প্রথম আলো’কে বলেন, ‘প্রকাশিত প্রতিবেদনে বি-স্ক্যান জানতে পারে রাসেল একজন দক্ষ বেতের কারিগর। তাঁকে প্রায় তিন কিলোমিটার পথ হামাগুড়ি দিয়ে কারখানায় যেতে হয়, যা অত্যন্ত কষ্টকর। আমরা জানতে পেরেছি, মাসিক ৩০০ টাকা প্রতিবন্ধী ভাতাতে তাঁর চলছে না বলে রাসেল ফটিকছড়ির নাজিরহাটে বেতের কাজ শুরু করেন।’
সাবরিনা আরও বলেন, ‘রাসেলের স্বপ্ন তিনি নিজেই বেতের কারখানা দেবেন। তাঁর সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই আমরা আর্থিক সহযোগিতা দিতে এগিয়ে এসেছি।’
রাসেল বলেন, ‘এই টাকা দিয়ে শিগগির নিজেই ব্যবসা শুরু করব। পরিবারের আর্থিক দুর্দশা দূর করার পাশাপাশি ভাইবোনদের লেখাপড়াটাও চালিয়ে নেওয়ার ব্যবস্থা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, রাসেলদের মতো মানুষেরা সমাজের বোঝা নয়। তাঁদের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা এগিয়ে এলে তাদের বিভিন্ন সুবিধা নিশ্চিতের পাশাপাশি অধিকার সমুন্নত হবে।
বি-স্ক্যান প্রতিবন্ধীদের সামাজিক উন্নয়ন নিশ্চিত করার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের অবহেলিত সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের শিক্ষা, কর্মসংস্থান, যাতায়াত এবং সর্বক্ষেত্রে প্রবেশের সুবিধা নিশ্চিত ও অধিকার আদায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কাজ করছে।