স্বপ্ন পূরণের সুযোগ এসেছে সামর্থ্য নেই

ছোটবেলা থেকে দারিদ্র্য আর প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করেছেন তিনি। কষ্ট করার পুরস্কারও পেয়েছেন। অষ্টম শ্রেণিতে মেধাবৃত্তি পেয়েছেন। এসএসসিতে জিপিএ-৫ তো পেয়েছেনই, সঙ্গে দিনাজপুরের শিক্ষা বোর্ডে মানবিক বিভাগ থেকে মেধাবৃত্তির তালিকায় প্রথম স্থানটি দখল করে নিয়েছেন। এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২৬তম হয়েছেন। সুযোগে পেয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ার।
এমন সাফল্যের পরও ছেলেটির মনে আনন্দ নেই। তাঁর মা-বাবাও চিন্তিত। কারণ, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার সুযোগ পেলেও সেখানে ভর্তি ও পড়াশোনা চালিয়ে নেওয়ার সামর্থ্য নেই তাঁর মা-বাবার। নাম তাঁর জামাল উদ্দিন। বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার বড়াবাড়ি গ্রামে। বাবা আবুল হোসেন দিনমজুর আর মা পারভীন বেগম মাটি কাটার শ্রমিক। বর্তমানে তিনি ঢাকায় একটি মেসে অবস্থান করছেন। এক মণ ধানের দাম সুদ হিসেবে দেওয়ার শর্তে এক হাজার টাকা ঋণ নিয়ে জামালকে ঢাকা পাঠিয়েছেন তাঁর মা-বাবা।
পারিবারিক সূত্রে জানা গেছে, জামাল আদিতমারী গিরিজা শংকর উচ্চবিদ্যালয় থেকে ২০১২ সালে এসএসসি পাস করেন। ওই সময় ভালো ফলাফল করার বিষয়ে পত্রিকায় খবর প্রকাশিত হয়। ওই খবর দেখে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী সমিতি তাঁকে ঢাকা আনে। ওই সমিতির আর্থিক সহায়তায় তিনি ওই কলেজে পড়াশোনা করেন। এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন। দুই ভাই ও এক বোনের মধ্যে জামাল সবার বড়।
জামাল উদ্দিনের মা পারভীন বেগম বলেন, ‘জামাল ভার্সিটিতে পড়ার সুযোগ পাইছে বলে আমাকে জানাইছে। সবাই কয় জামাল খুব ভালো বিষয়ে নাকি পড়বার সুযোগ পাইছে। কিন্তু ওর ভর্তির টাকা, বইয়ের টাকা আর পড়ার খরচ পামু কই, জানি না।’