স্বপ্ন ফেরির নাও
পদ্মার এপারে থাকেন শিক্ষকেরা। ওপারে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষকেরা মানেন খেয়াঘাটের সময়। আর শিক্ষার্থীরা আসে বিদ্যালয়ের সময়ে। ফলে দুই পক্ষের সাক্ষাতের সময়টা অনেক কমে গেছে। ঘাট থেকে সকালে নৌকা ছাড়তে যেমন দেরি হয়, তেমনি খেয়ার সময় হওয়ার আগেই বিদ্যালয়ে তালা লাগে।
এভাবেই চলে রাজশাহীর পবা উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটির নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান। এ সমস্যা সমাধানের জন্য রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ্জাকুল ইসলাম শিক্ষক-শিক্ষার্থীদের জন্য তৈরি করেছেন একটি নৌকা। গতকাল বুধবার থেকেই এ নৌকাটি যাত্রা শুরু করেছে। এখন থেকে নৌকাটি বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী নদীর ঘাট ছেড়ে যাবে। শিক্ষকদের পারাপারের জন্য কোনো পয়সা দিতে হবে না। শিক্ষার্থীদেরও না। যাঁরা চরের বিদ্যালয়ের শিক্ষা উপকরণ নিয়ে যাবেন, তাঁদেরও পয়সা দিতে হবে না। নির্ধারিত মাঝি সারা দিন নৌকাটি ব্যবহার করবেন। বিনিময়ে তিনি বিনা পয়সায় এই পারাপারের কাজ করবেন।
সরকারি তিন প্রাথমিক বিদ্যালয় হচ্ছে খিদিরপুর, তারানগর ও নবীনগর প্রাথমিক বিদ্যালয়। আর নিম্নমাধ্যমিক বিদ্যালয় দুটি হচ্ছে খিদিরপুর ও মাঝারদিয়াড় নিম্নমাধ্যমিক বিদ্যালয়। শিক্ষকেরা জানান, বর্ষার সময় রাজশাহী থেকে তাঁরা সরাসরি একই খেয়া নৌকায় বিদ্যালয়ে যেতে পারেন। কিন্তু দু-এক মাসের বেশি সময় সরাসরি যাওয়ার মতো পানি পদ্মায় থাকে না। তখন নদীর মাঝখানে বিশাল চর পড়ে। এক ঘণ্টা হেঁটে দুই ঘাটে খেয়া পার হয়ে বিদ্যালয়ে পৌঁছাতে হয়। খেয়া নৌকায় যাত্রী না হওয়া পর্যন্ত বসে থাকতে হয়। বসে থাকতে থাকতে ক্লাসের সময় পার হয়ে যায়। আসার সময় একইভাবে আগে নৌকার যাত্রী হতে গেলে বিদ্যালয় ফেলে চলে আসতে হয়। অন্যথায় চরম ভোগান্তিতে পড়তে হয়।
রাজ্জাকুল ইসলাম জানান, চরের পিছিয়ে পড়া শিশুদের এগিয়ে নিতে তিনি এই উদ্যোগ নিয়েছেন। ইংরেজি নববর্ষের প্রথম দিন নৌকায় করে শিক্ষকেরা চরখিদিরপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন বই ও শিক্ষা উপকরণ নিয়ে যান।
খিদিরপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন বলেন, শিক্ষার জন্য যেমন শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজন হয়, তেমনি চরে শিক্ষা প্রসারের জন্য এই নৌকাটিও প্রয়োজন। এত দিন শিক্ষকেরা বিষয়টি খুব অনুভব করেছেন, কিন্তু তাঁদের কোনো উপায় ছিল না। মনে হচ্ছে, এটি স্বপ্ন ফেরি করা এক নৌকা। চরের পিছিয়ে পড়া শিশুদের এগিয়ে নিতে এই নৌকা বড় অবদান রাখতে পারবে।