স্বপ্ন বাস্তবায়নে প্রত্যয়ী হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক স্বপ্ন দেখার ও স্বপ্ন বাস্তবায়নে প্রত্যয়ী হওয়ার জন্য তরুণ ও যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে ফেনীর দাগনভূঞায় এক গণসংবর্ধনায় তিনি এ আহ্বান জানান।
ফেনীর দাগনভূঞা উপজেলা সদরের জিরো পয়েন্টে মেয়র আনিসুল হকের গণসংবর্ধনার আয়োজন করে ফেনী জেলা আওয়ামী লীগ।
গণসংবর্ধনা অনুষ্ঠানে তরুণ ও যুবকদের উদ্দেশে আনিসুল হক বলেন, শুধু স্লোগান দিয়ে নিজের, পরিবারের এবং সমাজ ও দেশের কোনো উন্নয়ন হবে না। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন, জনগণের জন্য কিছু করার। আমরা দায়িত্ব পালনের মাধ্যমে যেন প্রধানমন্ত্রীর সম্মান রক্ষা করতে পারি।’
মেয়র আনিসুল হক আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় আমি একটি দায়িত্ব পেয়েছি। সেটা হলো ঢাকাকে গড়ার। গত দেড় বছরে একটু একটু করে ঢাকা বদলাচ্ছে। আগামী সাড়ে তিন বছরে ঢাকা শহরকে আরও বদলে দেব ইনশা আল্লাহ।’
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সাংসদ জাহান আরা বেগম। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির।
এর আগে দুপুরে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও তাঁর ভাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকসহ পরিবারের সদস্যরা ফেনীর সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামে নানার বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে তাঁরা নোয়াখালীর কবিরহাটের পৈতৃক বাড়িতে যান।