স্বপ্ন বাস্তবায়নের জাদুকর মাকসুদুল আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতেখার মাহমুদ
ইফতেখার মাহমুদ

পাটের সঙ্গে বাংলাদেশের নাম অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গেছে। আগে যে এমনটা ছিল না তা অবশ্য নয়। পাট চাষের পথিকৃৎ হিসেবে ব্রিটিশ শাসনামল থেকে বিশ্বদরবারে বাংলাদেশ পরিচিত নাম ছিল। দেশ স্বাধীন হওয়ার সময়ও বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্যের তালিকায় শীর্ষে ছিল পাট। রপ্তানিপণ্যের তালিকায় পাট অনেক পিছিয়ে গেলেও পাট গবেষণার সাফল্যকে সঙ্গী করে আবারও বিশ্বদরবারে বাংলাদেশের নাম স্বগর্বে আলোচিত হলো। দেশি ও তোষা পাট এবং পাটসহ ৫০০টি গুরুত্বপূর্ণ উদ্ভিদের প্রধান শত্রু ছত্রাকের জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানী মাকসুদুল আলমের হাত ধরে এসেছে সেই খ্যাতি-সাফল্য। অসাধারণ সেই অর্জনের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের একঝাঁক তরুণ বিজ্ঞানী।

পাট গবেষণার এই সাম্প্রতিক সাফল্য অবশ্য হঠাৎ করে আসেনি। এসেছে এক ঐতিহাসিক ধারাবাহিকতার ফলাফল হিসেবে। ঢাকার পাট গবেষণা ইনস্টিটিউটের ওই নবীন-প্রবীণে মেশানো বিজ্ঞানীদের সঙ্গে এই দলটির শুরু থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বিভিন্ন সময়ে আলাপচারিতায় উঠে এসেছে অতীত আর বর্তমান সময়ের বিজ্ঞানীদের সেই মেলবন্ধন। জানা গেছে, পাট গবেষণার নানা অজানা সব অধ্যায়।

সে ১৯৬০ সালের কথা। হঠাৎ করে বিশ্বের তাবৎ উদ্ভিদবিজ্ঞানী নড়েচড়ে বসলেন। খরা-বন্যা আর দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত বাংলাদেশের আহমেদ শামসুল ইসলাম নামের এক উদ্ভিদবিজ্ঞানীর একটি লেখা বিজ্ঞান সাময়িকী নেচার প্রকাশ করল। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ওই বিজ্ঞান সাময়িকীতে দেশি ও তোষা পাটের সংকর নিয়ে লেখা ওই প্রতিবেদন বিশ্বে তুমুল সাড়া ফেলল। ১৯০৯ সাল থেকে ব্রিটেনের বিজ্ঞানীরা এ বিষয়ে গবেষণা করছিলেন। কিন্তু তাঁরা সফল হননি। শেষমেশ তা পারলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক। এরপর একবার নয়, মোট চারবার নেচার তাঁর গবেষণা প্রতিবেদন প্রকাশ করল। দুনিয়া জানল, বাংলাদেশের কৃষক শুধু পাট চাষ করেন না, বাংলাদেশের বিজ্ঞানীরাও পাট নিয়ে মৌলিক গবেষণা করেন।

দেশের দক্ষিণাঞ্চলে পাওয়া ধবধবে সাদা আঁশের পাটের জাত নিয়ে গবেষণা শুরু করলেন শামসুল ইসলাম। উদ্ভাবন করলেন নতুন এক সংকর জাতের পাট। কিন্তু প্রকৃতির কী অদ্ভুত খেয়াল, ওই জাত চারা থেকে পরিণত গাছে রূপান্তর হওয়ার আগেই দেশি জাতে রূপ নিয়ে ফেলে। ড. শামসুল ইসলামের দীর্ঘ ২০ বছরের গবেষণা শেষতক মাঠেই মারা গেল। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর শামসুল ইসলাম বুঝতে পারলেন, পাটের জিনোম সিকোয়েন্সিং জানতে না পারলে সংকর জাতের চারা কীভাবে চাষের পর আবারও দেশি জাতে পরিণত হয়, তা জানা সম্ভব নয়। পাটের জীবন রহস্য উন্মোচনের জন্য কিছুকাল চেষ্টা করলেন শামসুল ইসলাম। কিন্তু দেশি ও আন্তর্জাতিক পরিসরে এ বিষয়ে গবেষণা তখন বেশি দূর এগোয়নি। ফলে উদ্ভিদবিদ্যার ওই অজানা রহস্য ভেদ করার দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের হাতে ছেড়ে দিয়ে জৈব প্রযুক্তিবিদ তৈরিতেই মনোনিবেশ করলেন তিনি।

গত ১৮ আগস্ট দেশি পাটের জীবনরহস্য উন্মোচনের ঘোষণা দেওয়ার পরদিন যখন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বায়োটেকনোলজি ভবনের চত্বরে মাকসুদুল আলমের দলের সদস্যরা সংবাদ সম্মেলন করছিলেন, তখন শামসুল ইসলামও স্টেজে ছিলেন। একে একে দেশি ও তোষা পাট এবং ছত্রাকের জীবনরহস্য উন্মোচনকারী মাকসুদুল আলম ও তাঁর বিজ্ঞানী দলের সদস্যরা তাঁদের পূর্বপুরুষ শামসুল ইসলামের কাছে ঋণ স্বীকার করলেন। ৫৩ বছর আগে যে পাট নিয়ে আধুনিক গবেষণার যাত্রা শুরু করেছিলেন শামসুল ইসলাম, তার আরেকটি কঠিন ধাপ পার করল মাকসুদুল আলমের দল।

পাট গবেষণা একাল-সেকাল

সেই পঞ্চাশের দশকে শামসুল ইসলাম যখন পাটের সংকরায়ণ নিয়ে গবেষণা করছিলেন তখন পাট গবেষণা ইনস্টিটিউটের এত বড় ও অত্যাধুনিক গবেষণাগারও ছিল না। উন্নত দেশের গবেষণাগারে গিয়ে কাজ করতে হয়েছিল তাঁকে। ছিল পাকিস্তানি সামরিক শাসনের আমল। গবেষণাকে সহায়তা করা তো দূরে থাক, এ বিষয়ে ন্যূনতম খোঁজখবর নেওয়ারও কেউ ছিল না। তাই তো মাকসুদুল আলমদের গবেষণাগার দেখে চোখে-মুখে তৃপ্তি ও আক্ষেপ দুটোরই প্রকাশ দেখা গেল। মনে মনে হয়তো তিনি ভাবছিলেন, আমার সময়ে একটি গবেষণাগার ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে দেশের পাট খাতের চেহারাই আজ অন্য রকম হতো।

বিজ্ঞানী মাকসুদুল আলম (বাঁ থেকে দ্বিতীয়) ও তাঁর গবেষক দল। ছবি: সাজিদ হোসেন
বিজ্ঞানী মাকসুদুল আলম (বাঁ থেকে দ্বিতীয়) ও তাঁর গবেষক দল। ছবি: সাজিদ হোসেন

মাকসুদুল আলম ২০১০ সালে তোষা পাটের জীবনরহস্য উন্মোচনের পর প্রাথমিকভাবে ঠিক করেছিলেন পাটের নতুন জাত উদ্ভাবন নিয়ে গবেষণা করবেন। কিন্তু নানা কিছু নিয়ে ভাবতে ভাবতে ও পরীক্ষা করে তিনি টের পেলেন আগে পাটের প্রধান শত্রুকে ঘায়েল করার অস্ত্র বের করতে হবে। মাকসুদুল আলমের দল পাটের কাণ্ডপচাসহ বিভিন্ন রোগের প্রধান কারণ মাইক্রোফোবিনা ছত্রাকের জীবনরহস্য নিয়ে কাজ শুরু করল। বিশ্বের ৫০০টিরও বেশি গুরুত্বপূর্ণ উদ্ভিদের রোগের প্রধান শত্রু এই ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের পর বিশ্বজুড়ে রীতিমতো আলোড়ন পড়ে গেল। ধান, গম, পাট, ভুট্টা, কিউই ফলসহ বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ফসলের ফলন এই ছত্রাকের আক্রমণের কারণে কমে যায়। ফলে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অনেক দেশেই ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের খবর ফলাও করে প্রচার হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দেওয়ার আধা ঘণ্টার মধ্যে বিশ্বের প্রায় ২০০টি গণমাধ্যমে ওই খবর প্রচার হয়। ছত্রাকের আক্রমণে বিপদগ্রস্ত নিউজিল্যান্ডের কিউই ফলচাষিরা মাকসুদুল আলমের দলের কাছে সাহায্য চেয়ে অনুরোধ পাঠিয়েছেন। বিশ্বের অনেক উন্নত দেশ যৌথ গবেষণার ডাক দিয়েছে।

পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনকারী পাটের মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্প থেকে এ বিষয়ে খুব সাবধানে সাড়া দেওয়া হচ্ছে। কেননা জীবনরহস্য উন্মোচনের গবেষণার প্রধান সমস্যা গোপনীয়তা রক্ষা করা। একই বিষয়ে বিশ্বের অনেক দেশেই গবেষণা চলছে। কোনো দেশ তার ফলাফল হাতে আসার আগ পর্যন্ত তা জানায় না। গবেষণার ফলাফলকে পেটেন্ট করার আগেও রয়েছে কয়েকটি ধাপ। গবেষণার ফলাফল হাতে আসার পর প্রথমেই তা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বায়োটেকনোলজি সেন্টারে (এনবিসি) পাঠাতে হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয় অন্য কোনো দেশের বিজ্ঞানীরা এই ফলাফল জমা দিয়েছে কি না। গবেষণার পদ্ধতি ও ফলাফলের যথার্থতা যাচাই শেষে একটি অ্যাক্রিডিটেশন নম্বর দেওয়া হয়। এনবিসি থেকে অনুমোদন নিয়ে তা বিশ্বের কোনো একটি স্বীকৃত জার্নালে গবেষণার ফলাফলটি প্রকাশ করতে হয়। এরপর বাকি থাকে গবেষণা মেধাস্বত্ব নেওয়ার প্রক্রিয়া।

দেশি বিশেষজ্ঞ তৈরির কারখানা

দেশি ও তোষা পাট এবং ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের ফলে এই প্রতিটি ধাপই বাংলাদেশ অতিক্রম করেছে। এখন চলছে উন্নত জাত উদ্ভাবনের জন্য গবেষণা। মাকসুদুল আলম যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ে বসে পুরো কাজ তদারক করছেন। দেশে এই কাজগুলো সমন্বয় করেন ড. মনজুরুল আলম। এ ছাড়া গবেষণার প্রতিটি ধাপের আলাদা দলনেতাও রয়েছেন। কয়েক মাস পরপর মাকসুদুল আলম দেশে আসেন। গবেষণার ফলাফল ও মূল্যায়ন নিয়ে দিন-রাত চলে পর্যালোচনা। হাওয়াই বিশ্ববিদ্যালয়ে মাকসুদুল আলমের নামে প্রতিষ্ঠিত ‘আলম ল্যাবরেটরি’র গবেষকেরাও এ কাজে সহযোগিতা করে যাচ্ছেন। মাকসুদুল আলমের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কারণে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ জিনোম গবেষকও আমাদের পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের গবেষণায় সহযোগিতা করছেন।

বিশ্বের নামজাদা সব প্রতিষ্ঠান ও গবেষকের সহযোগিতা নিয়ে পাটের নতুন জাত উদ্ভাবনের গবেষণা এগোলেও দেশে নতুন লোক তৈরির কাজও থেমে নেই। গবেষণার মূল কাজটি রাজধানীর শেরেবাংলা নগরের পাট গবেষণা ইনস্টিটিউটের বায়োটেকনোলজি ভবনেই হচ্ছে। সেখানকার গবেষণাগারে যেসব অত্যাধুনিক যন্ত্রপাতি বসানো রয়েছে তা দিয়ে মানুষসহ বিশ্বের যেকোনো প্রাণী ও উদ্ভিদের জীবনরহস্য ভেদ করা সম্ভব বলে জানিয়েছেন মাকসুদুল আলম। গবেষণাটিকে বিভিন্ন পর্যায়ে ভাগ করে প্রতিটি ক্ষেত্রের জন্য একজন দলনেতা নির্বাচন করে তাঁদের আগামী দিনের কাজের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলছেন মাকসুদুল আলম।

মাকসুদুল আলমের অনুপস্থিতিতে মনজুরুল আলম অন্য দলনেতাদের কাজগুলো সমন্বয় করেন। অন্য দলনেতারাও তাঁদের সহকর্মীদের কাছ থেকে সময়মতো কাজ বুঝে নেন। নয়টা-পাঁচটা সরকারি অফিসের হিসাব এখানে অচল। শুক্র-শনি ছুটির বিষয়টিও এখানে ভিন্ন রকম। মাকসুদুল আলম অবশ্য মনে করেন সারা বিশ্বেই গবেষকেরা এভাবে কাজ করেন। এ কারণে তাঁদের সুযোগ-সুবিধাও বেশি দেওয়া হয়। যাতে তাঁদের অন্য কিছু নিয়ে চিন্তা করতে না হয়। আমাদের দেশের বিজ্ঞানীদের ওই আন্তর্জাতিক প্রতিযোগিতার মানে তৈরি করতে হলে তাঁদেরও অন্য দেশগুলোর মতোই সুযোগ-সুবিধা দিতে হবে বলেও তাঁর মত। তবে তিনি এটা দেখে খুশি যে আন্তর্জাতিক সুবিধা না পেয়েও আমাদের বিজ্ঞানীরা আন্তর্জাতিক মানের একটি গবেষণা সফলভাবে করে যাচ্ছেন।

অন্যরাও তৈরি হচ্ছে

গবেষণা তো গেল একটি দিক। গবেষণা ফলাফলের স্বত্ব ধরে রাখার জন্য বাংলাদেশে কোনো আইনজীবী নেই বলেই এত দিন অনেকের ধারণা ছিল। মাকসুদুল আলম শুরুতে এ কাজের জন্য যুক্তরাষ্ট্রের কয়েকজন পেটেন্ট আইনজীবীর সঙ্গে কথাও বলে রেখেছিলেন। কিন্তু একসময় তিনি জানতে পারলেন, বাংলাদেশের আইনজীবীরাই মেধাস্বত্বের আইনি লড়াই চালাতে সক্ষম। পাটের মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্পের সঙ্গে তিনজন বাংলাদেশি আইনজীবীকেও পেয়ে গেলেন তিনি। ব্যারিস্টার মোতাহার হোসেন, ব্যারিস্টার আলী আসিফ খান ও ব্যারিস্টার মোদদাসির হোসেন আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থায় বাংলাদেশের পাঁচটি গবেষণাস্বত্বের আবেদন করা থেকে শুরু করে সব আইনি কাজ করছেন। এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনে যেসব গবেষণা ফলাফল আসবে, তার মেধাস্বত্ব নিশ্চিত করার কাজটিও এই আইনজীবীরাই করবেন। বিশ্বের অনেক উন্নত দেশের মেধাস্বত্ব আইনজীবীর চেয়ে কোনো অংশে কম দক্ষ নন তাঁরা, এ কথা খোদ মাকসুদুল আলমই জানালেন।

ব্যারিস্টার মোতাহার হোসেনসহ ওই তিন তরুণ আইনজীবী বেশ আত্মবিশ্বাসের সুরেই বললেন, এই গবেষণা প্রকল্প থেকে আমরা নিজেরাই শিখছি কীভাবে মেধাস্বত্বের লড়াই করতে হয়। বিশ্বের অন্য দেশগুলোর বাঘা বাঘা আইনজীবীর সঙ্গে পাল্লা দিয়ে আমাদের আইনজীবীরাও প্রস্তুত হচ্ছেন দেশের গবেষণার মেধাস্বত্ব ধরে রাখার আন্তর্জাতিক লড়াইয়ে।

পঞ্চাশের দশকে বাংলাদেশের পাটকে উন্নত করার পণ নিয়ে গবেষণা শুরু করা শামসুল ইসলাম এসব আয়োজনে আবেগাপ্লুত চোখ-মুখে নতুন দিনের স্বপ্ন দেখেন বলে জানালেন। তাঁর মতে, মাকসুদুল আলমের দল এখন পর্যন্ত যা করতে পেরেছে, তা তাঁর কল্পনাকেও ছাড়িয়ে গেছে। দুই বছরের মাথায় ছত্রাকের জীবনরহস্য উন্মোচনের পর আবার দেশি ধবধবে সাদা পাটের জীবনরহস্য উন্মোচনের এই স্বপ্ন একসময় তিনিও দেখেছিলেন। মাকসুদুল আলমের হাত ধরে একসময় বাংলাদেশের সোনালি আঁশ শ্বেত আঁশের যুগে প্রবেশ করবে, সেই স্বপ্ন শামসুল ইসলামের মতো দেশবাসীর মনেও হানা দিচ্ছে।

ইফতেখার মাহমুদ: সাংবাদিক