স্বপ্ন যাবে বাড়ি আমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি। সংগৃহীত
প্রতীকী ছবি। সংগৃহীত

স্বপ্ন যাবে বাড়ি আমার

পথ দেব পাড়ি তোমার
কাছে যাবো ফিরে পাহাড়ে পাহাড়
সাঁঝ বেলায় সাজ সাজ রব
ছুটে যাবো সেই হাসির টানে
চলে যাবো স্মৃতির কোলে
আমার সব যেখানে......


না স্বপ্নগুলো এবার বাড়ি ফিরছে না। এবারের বাড়ি ফেরা বড় ফ্যাকাশে বর্ণীল। কথাগুলো লিখতে চোখের সামনে ভেসে আসছে শেকড়ের টানে বাড়ি ফেরা মানুষের নাগরিক জীবন ছাড়ার অপূর্ব সেইসব দৃশ্য।

বাংলাদেশের প্রায় সব মানুষের কাছে চেনা এই গানটা। এ গান ঈদে বাড়ি ফেরার গান। অন্যরকম এক অনুভূতি জাগায়। সেই সাথে বাংলার মানুষের ঘরে ফেরার যে আত্মীক টান, মাটি এবং শেকড়ের গন্ধ তার যে অপরুপ চিত্রায়ণ তা শুধু আমাদের বিমোহিত করে না, ভেতরটা নাড়া দিয়ে যায়।

দূর্ভাগ্য আমাদের, এবারের ঈদে উচ্ছ্বসিত মানুষের ঘরে ফেরার সে উল্লাস ঢাকা পড়েছে ভয়ার্ত কোভিড ১৯ এর আচ্ছাদনে। বাড়ি মানে মন্দির ঘর মানে উপাসনালয় সেখানে ফিরতে চাওয়াটাও ঠিক ততোটাই আপেক্ষিক ততটাই আবেগ মিশ্রিত।
ঘরে তো আমরা কবেই ফিরেছি। সেই কবে ছেড়ে এসেছি প্রিয় শহরটা। তবে এবার কিন্তু মাটির টানে ফিরিনি, ফিরেছি বেঁচে থাকবার প্রয়োজনে। নাগরিক জীবনটা দূষিত এক বাতাসে ছেঁয়ে যাচ্ছিল। একটু একটু করে থেমে যাচ্ছিলো সকল প্রকার কর্মকান্ড, থেমে যাচ্ছিল সমস্ত শহর, শহুরে ব্যস্ত জীবনের ঘণ্টা। ধীরে ধীরে গ্রাস করছিল কোভিড-১৯ নামক নীল রঙের এক বেদনার অভিশাপ।

তাই, সেই ব্যস্ত নাগরিক জীবন ছেড়ে শহরটাকে পেছনে ফেলে স্বার্থপরের মতো আমরা পালিয়ে এসেছি রেখে যাওয়া শেকড়ের কাছে। যেখান রয়েছে সোদা মাটির গন্ধ, মায়ের আঁচলের ছায়া আর শৈশবের অসংখ্য মধুর স্মৃতি, এই মায়া ভরা গ্রাম বাংলা আমার। কিন্তু হায়! সেই শান্ত স্নিগ্ধ গ্রামে ও আজ হানা দিয়েছে বর্গীর মতো কোভিড ১৯।

দু'টো ঈদে মানুষ ঘরে ফেরে যাবতীয় দুঃখ কষ্ট উপেক্ষা করে শুধু আপনজনদের কাছে প্রিয় মানুষগুলোর সান্নিধ্য পাবে বলে। সে ঘরে ফেরা যতই কষ্টের হোক না কেন কিন্তু সেই সুন্দর মুহূর্ত যে কি উপভোগ্য তা বর্ননাতীত।

করোনাভাইরাস আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেছে আমাদের। তাই সরকারি নিয়ম মানতে এবারের ঈদে ঘরে ফেরা হচ্ছে না আটকে পড়া নাগরিকদের। ঐ ইঁটকাঠের দেয়ালে মোড়া ছোট্ট ফ্ল্যাট বাড়িতেই পালন হবে ঈদ আনন্দ। কোনো কিছুই তো আর থেমে থাকে না প্রকৃতির নিয়মে সব বয়ে চলে। তাই নিজেদের এবং দেশের মানুষের সুরক্ষার কথা ভেবে তাঁরা ছাড়তে পারছেন না যার যার বর্তমান অবস্থান।

এতোকিছুর পরেও কিছু নিরুপায় মানুষ, অবুঝ মানুষ ভীড় করছেন ঝুঁকি নিচ্ছেন ঘরে ফেরার জন্য। সে দৃশ্য হতাশাজনক-দুঃখজনক। যেভাবে রোজ শত শত মানুষ করোনায় শনাক্ত হচ্ছেন ১২-১৫ জন প্রতিদিন মৃত্যুবরন করছেন সেখানে এতটা দুঃসাহস দেখানো মূর্খতার সামিল।

কত রঙিন স্বপ্ন নিয়ে ঈদের সময় মানুষ কেনাকাটা করে প্রিয়জনদের জন্য। সমস্ত বাঁধন ছিঁড়ে ঘরে ফেরে শুধু স্মৃতির টানে। বাস স্টপেজ, ট্রেন, নৌপথ সবখানে থাকে উপচে পড়া ভীড়। কিন্তু সেই চেনা টার্মিনাল বাসস্ট্যান্ড আজ নীরব নিস্তব্ধ। নেই টিকিটের চড়া দাম এমনকি এবারের ঈদে টিকিট পাবো তো, দেখা হবে তো আব্বা মার সাথে? নেই তেমন উৎকন্ঠা। সব যেনো থামিয়ে দিয়েছে নিমিষেই এই করোনা ভাইরাস নামক এক অচেনা শত্রু।

গত রকম গল্প রঙিন চুরি ফিতেয় মুড়িয়ে অথবা নতুন কাপড়ের ভাজে ভাজে নিয়ে যায় সন্তানেরা বাবা মা, ভাই বোন এবং প্রিয়তমার জন্য কখনো বা স্বজনের জন্য সেই ছুঁয়ে যাওয়া মুগ্ধতা ভরা গল্পরা আজ বিষন্ন বদনে চেয়ে আছে ফ্ল্যাট বাড়ির জানালা দিয়ে ঐ দূর আকাশে।

কত কত মানুষ হারিয়েছে এবং হারাচ্ছে তাদের আপনজন। কত মানুষের ঘরে নেই দু'মুঠো খাবার। এমনকি অনেকেই হারাচ্ছেন নিজের চাকরিটা অব্দি। এ যেন বিভীষিকাময় এক অন্ধকারে ডুবে থাকা সময়। তবু স্বপ্ন দেখতে দোষ কি। বেঁচে থাকবার স্বপ্ন। বিজয়ী হবার স্বপ্ন।

কবে আবার পৃথিবী সুস্থ হবে, কবে আসবে নতুন ভোর, কবে আবার দু-চোখ ভরা স্বপ্ন নিয়ে ফিরে যাবো আমার উঠোনে যেখানে আমার সব! হেরে যেতে যেতে জয়ী হই শুধু ঐ সবুজ কচি প্রকৃতির দিকে তাকালে। কৃষ্ণচূড়া, জারুল আর সোনা রঙা সোনালু ফুলেরা কানে কানে বলছে এই দেখো আমরা তোমাদের জন্য বিলিয়ে যাচ্ছি অপরুপ সৌন্দর্য আর দিয়ে যাচ্ছি বারতা..... সুসময় আসবেই।

*লেখক: আবৃত্তিশিল্পী