
অতিদরিদ্র মানুষকে দারিদ্র্যের চক্র থেকে বের করে আনতে ‘ব্র্যাক মডেল’ বর্তমানে বিশ্বের ১০টি দেশ অনুসরণ করছে। এই মডেলের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ইতিবাচকভাবে তুলে ধরছে। সেখানে বলা হচ্ছে, এই মডেলের সাফল্যের মূলমন্ত্র ‘আশা’ বা ‘স্বপ্ন’। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ এমনটাই জানিয়েছেন।
রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার রাতে রোটারি ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফজলে হাসান আবেদ বলেন, দরিদ্র একটি পরিবারকে দারিদ্র্যের চক্র থেকে বের করে আনতে ৪০০ বা ৫০০ ডলার বিনিয়োগ যথেষ্ট নয়। এসব মানুষের আশা বা স্বপ্নই তাঁদের ওই চক্র থেকে বের করে আনতে পারে। এ ক্ষেত্রে ব্র্যাক মডেলের পরিকল্পনায় রয়েছে তাদের দিকনির্দেশনা দেওয়া।
ফজলে হাসান বলেন, ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত পাঁচ বছরে এই মডেলের মাধ্যমে ৭৫ হাজার মানুষকে অতিদরিদ্র অবস্থা থেকে বের করে এনেছে ব্র্যাক। পরে বিশ্বব্যাংকসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১০টি দেশে এই মডেলে কাজ শুরু করেছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ১৫ লাখ অতিদরিদ্র মানুষকে দারিদ্র্যের চক্র থেকে বের করে আনতে ব্র্যাক কাজ করছে বলে জানিয়েছেন ফজলে হাসান আবেদ। এ প্রকল্পে সংস্থাটি প্রায় ২৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। বিশ্বের বিভিন্ন দেশে রোটারি ক্লাবের কার্যক্রম পরিদর্শনের অভিজ্ঞতা উল্লেখ করে ফজলে হাসান বলেন, রোটারিয়ানরা সেবার মন্ত্রে দীক্ষিত। তাঁদের ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন করার আহ্বান জানিয়ে বলেন, অনেক ক্ষেত্রেই রোটারিয়ানদের ব্র্যাকের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর এস এ এম শওকত হোসেন, রোটারি ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গার নতুন সভাপতি মহসীন আলী খান, বিদায়ী সভাপতি কে হাবিব সাত্তার, সাবিনা আলম, আব্বাস উদ্দিন আহমেদ প্রমুখ।