স্বপ্নখেকো আগুন
আগামী নভেম্বরে সেলিম কুয়েত থেকে আসবেন। প্রথম সন্তানের মুখ দেখবেন। এখন তিনি কী দেখবেন? আগুনে পুড়ে গেছে তাঁর স্বপ্ন। চিরকালের জন্য অন্ধকারে চলে গেছে তাঁর এক বছরের সন্তান। সেলিমের মামাশ্বশুর সারোয়ার বলেন, ‘...সেই দুধ খাওয়ানো অবস্থাতেই মায়ে-পোয়ে বইসা মরসে।’ মায়ের কোলে বসে দুধ খাওয়া অবস্থায় শিশুর ঝলসানো শরীরের বর্ণনা টেলিফোনে শুনে কান্নায় ভেঙে পড়েন সেলিম। বলেন, ‘সন্তানের মুখটা একবারও দেখি নাই। জন্মের পর থেকে দিন গুনছি কবে আসবে নভেম্বরের ছুটি, যাব দেশে...।’ গতকালের ভোরের আলো পুরান ঢাকার নিমতলীর আঁধার কমাতে পারেনি। ঘরের দেয়াল, দোকানের ডালা, বাড়ির জানালা, চারপাশ পুড়ে গিয়ে একই রূপ পেয়েছে। আগুন নিভে যাওয়ার পাঁচ ঘণ্টা পরও উড়ছে ছাই। রাসায়নিকের গন্ধে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তখনো। গলির মুখে ঢুকতেই চোখে পড়ে পুড়ে যাওয়া দোকানের মাল রাস্তায় ছড়ানো-ছিটানো। চাল, ডাল, ফেটে যাওয়া ডিমে মাখামাখি। বাসাবাড়িতে স্টেনলেস স্টিলের প্লেট, রান্নার হাঁড়ি পোড়া। যাঁরা বাসায় ছিলেন না বলে বেঁচে গেছেন, তাঁরা ঘুরে বেড়াচ্ছেন পুড়ে যাওয়া বাড়িগুলোর ভেতরে। কোথায় কে শুয়ে ছিল, কে কোথায় বসে আড্ডা দিত—এসব কথার আদান-প্রদান স্মরণে রূপ নেয়।জুয়েল তাঁর পরিবারের সব সদস্যকে হারিয়েছেন। বাবা, মা, ফুফু, ভাড়াটেসহ বাসাটি থেকে ১১টি পুড়ে যাওয়া লাশ বের করেছে প্রতিবেশীরা। কিন্তু লাশগুলো কোথায়, সকাল পর্যন্ত তিনি আর খুঁজে পান না। একপর্যায়ে নির্লিপ্ত গলায় বললেন, ‘কেউ না কেউ কোথাও না কোথাও নিয়ে গেছে নিশ্চয়।’ ঘটনার সময়ের কথা জানালেন, ‘আমি নামাজ পড়তে গেসিগা। আইসা চা-নাশতা খামুনে। নামাজ শেষে বাসার সামনে আইয়া দেহি রাস্তায়ও আগুন। বাসায় মা তহনো বাঁইচ্চা ছিল। কিন্তু রাস্তার আগুনের লাইগ্গা বারইবার (বের হতে) পারে নাইক্কা। তারপর কিসু মনে নাই। আমি জ্ঞান হারাইসি।’ এটুকু একনাগাড়ে বলেই বন্ধুর মুখের দিকে তাকিয়ে যেন সংবিৎ ফিরে পান জুয়েল, বুকের সব কষ্ট এক জায়গায় করে আত্মচিৎকার দিয়ে ওঠেন, ‘আমারে বাঁচায়া রাখল ক্যান। এই লাশ কই নিব আমি।’ আশপাশের বাসা থেকে একই সঙ্গে কান্নার রোল ওঠে। কেউ দুষছেন কপালকে, কেউ কেমিক্যাল কারখানাকে। কেউ বলছেন ট্রান্সফরমারের নিচে বিয়েবাড়ির রান্না না করলে হয়তো আগুন লাগত না। এই দোষারোপ নিজেদের শান্ত রাখার জন্যই! স্বামীকে সন্তানের মুখ দেখানোর জন্য যে মা আবেগ নিয়ে অপেক্ষায় ছিলেন, তিনি আজ মৃত। জীবনের স্বপ্ন বুনছেন যে বর-কনে, তাঁদের আজীবন তাড়া করে ফিরবে এই দুঃসহ স্মৃতি, তাঁদেরই বিয়ের অনুষ্ঠানে এসে মারা গেছে এতগুলো প্রাণ। রাস্তার পাশের দেয়ালগুলো নজরে আসে। সবগুলো হেলে পড়েছে। পুড়ে যাওয়া বাসাগুলো থেকে খুলে পড়ছে পলেস্তারা, সিমেন্ট। আলুটোলার ব্যবসায়ী নাজির বলেন, ‘প্রধান সড়কের পাশেই এই অগ্নিকাণ্ডের ঘটনা হওয়ার পরও আমরা সাহায্যে এগিয়ে যেতে পারিনি, যদি আরও ভেতরের গলিতে হইত, তাইলে?’ পাশ থেকে সদ্য এসএসসি পাস করা মিলন বলেন, ‘ঘটনা যে সময় ঘটেছে, তখনো সবাই কাজ শেষে বাসায় ফেরেনি। যদি আরেকটু রাতে ঘটত? একজনেরেও পাওয়া যাইত না।’ একহাঁটু জল-কাদা, কেমিক্যাল, পুড়ে যাওয়া খাতা-বইয়ের স্তূপে দাঁড়িয়ে সেলিম হাসান আর শাহেনশাহ বললেন, ‘যদি তখন ফুফুরা বেড়াতে না আসত, তাহলে কি মারা পড়ত? অমুক যদি বাসায় থাকত তাহলে হয়তো বাচ্চাটারে বাঁচাইতে পারত।’ পুরান ঢাকায় এখন সবাই ‘যদি’র ওপর ভর করে আশা আর সান্ত্বনা খুঁজছেন।