স্বপ্নপূরণে আর চার বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের ভৌত অবকাঠামোর কাজ। এই টানেল নদীর পূর্ব তীরের আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী উপজেলাকে চট্টগ্রাম নগরের সঙ্গে যুক্ত করবে। ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্য দিয়ে কর্ণফুলী নদীর দুই তীরের লাখো মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে। আগামী চার বছরের মধ্যে এর নির্মাণকাজ শেষ করতে চায় সরকার।
টানেল নির্মাণকাজের প্রকল্প পরিচালক ইফতেখার কবির বলেন, নদীর তলদেশে গাড়ি যাওয়ার জন্য একটি এবং আসার জন্য আরেকটি টিউব তৈরি করা হবে, যা টানেল নামে পরিচিত হবে। প্রতিটি টিউবের প্রস্থ হবে ১০ দশমিক ৮ মিটার (৩৫ দশমিক ৪৩ ফুট)। দুটি টিউবে গাড়ি চলাচলের জন্য দুটি করে লেন থাকবে। প্রতিটি লেনের প্রস্থ হবে ৩ দশমিক ৬৬ মিটার। দুটি টিউবের মধ্যে ন্যূনতম দূরত্ব থাকবে ১১ মিটার (৩৬ ফুট)।
ইফতেখার কবির বলেন, টানেলটি নদীর তলদেশ থেকে সর্বোচ্চ ৩৬ মিটার (১১৮ ফুট) এবং সর্বনিম্ন ১২ মিটার (৩৯ দশমিক ৩৭ ফুট) মাটির গভীরে নির্মিত হবে। শুষ্ক মৌসুমে কর্ণফুলী নদীর গড় গভীরতা ৯ মিটার।
নদীর তলদেশে টানেলের দৈর্ঘ্য হবে ৩ হাজার ৫ মিটার (তিন কিলোমিটারের বেশি)। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘কর্ণফুলী নদীর তলদেশে বহু লেন সড়ক টানেল নির্মাণ প্রকল্প’। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৪৪৬ কোটি ৬৩ লাখ টাকা। চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড টানেলটি নির্মাণ করবে। ২০২০ সালের জুনের মধ্যে টানেলের নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের।
প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেন, কর্ণফুলী নদীর ভাটির দিকে নেভাল একাডেমির কাছে হবে টানেলের প্রবেশপথ। টানেলের বহির্গমনপথ হবে আনোয়ারায় কাফকো সার কারখানার পাশে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া গেছে। টানেলটি নির্মাণের পর চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব ৩৪ কিলোমিটার কমবে। একই সঙ্গে চট্টগ্রাম নগরের বিদ্যমান সড়ক যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন হবে। এ ছাড়া বন্দরের বিদ্যমান সুযোগ-সুবিধা বাড়বে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, টানেল নির্মাণের পর চীনের সাংহাইয়ের মতো ‘ওয়ান সিটি টু টাউন’ হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলা সম্ভব হবে। এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে এই টানেল। ঢাকা-চট্টগ্রাম প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে এবং মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত দ্বিতীয় মেরিন ড্রাইভ সড়কও কর্ণফুলীর তলদেশের এই টানেলের সঙ্গে যুক্ত করা হবে। এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার চার লেন সড়ক তৈরি করা হলে তা এই টানেলের সঙ্গে যুক্ত করা হবে।
টানেলের সঙ্গে যুক্ত হতে সাগরঘেঁষা আউটার রিং রোডের নির্মাণকাজও এগিয়ে চলছে। আউটার রিং রোড থেকে টানেলের প্রবেশপথের দূরত্ব আধা কিলোমিটার। নেভাল একাডেমি সড়কের মুখ (পতেঙ্গা সৈকত) থেকে দক্ষিণ কাট্টলীর সাগরিকা এলাকা পর্যন্ত চার লেনের এই সড়কটি ১৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ। প্রকল্পটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) বাস্তবায়ন করছে।
রিং রোড প্রকল্পের পরিচালক প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, এর কাজ আগামী বছরের জুনের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু নতুন করে প্রকল্পের পরিধি বাড়ানো হচ্ছে। ২০১৯ সালের জুনের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা হবে।
টানেল নির্মাণের বিষয়ে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি ও চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান প্রথম আলোকে বলেন, কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণ হলে আনোয়ারা, বাঁশখালী ও কর্ণফুলী থানা এলাকা মূল শহরের সঙ্গে যুক্ত হবে। এতে ওই এলাকায় নগর সম্প্রসারণ ও নতুন শিল্পকারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। চট্টগ্রাম শহরে নতুন করে শিল্পকারখানা স্থাপন এবং আবাসিক এলাকা করার মতো জায়গা আর নেই। তবে যে টানেলটি নির্মাণের প্রক্রিয়া চলছে, সেটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার হাতে থাকবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেওয়া যাবে কি না এবং এর সদ্ব্যবহার কীভাবে করা হবে, এগুলো কিন্তু বড় প্রশ্ন।