স্বপ্নপূরণে সংশয় ওদের
সারা দেশের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা যখন আনন্দে ভাসছে, তখন ওদের পেয়ে বসেছে হতাশা। কারণ, লেখাপড়া চালিয়ে নেওয়ার মতো সামর্থ্য ওদের অভিভাবকদের নেই। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এসএসসিতে ভালো ফল করেছে ওরা। স্বপ্ন দেখেছে চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষক হওয়ার। টাকার অভাবে এ স্বপ্ন পূরণ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় চার শিক্ষার্থীর।হতদরিদ্র পরিবার থেকে জিপিএ-৫ পাওয়া এমন শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জনকে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। নির্বাচনের ক্ষেত্রে নারী, প্রতিবন্ধী ও সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়গুলো বিবেচনা করা হয়।কামরুল হাসান: কামরুল হাসান আনন্দের খবরটি জেনেছে একটু দেরিতে। কারণ, মা-বাবাকে সহায়তা করতে তার রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করতে হচ্ছে। ফলাফল প্রকাশের দিনও ওই কাজে ব্যস্ত ছিল। সহপাঠীদের কাছ থেকে আনন্দের খবর পেয়ে তার চোখ ভিজে যায়। সে এবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা কে বি উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার বাবার নাম তকবির হোসেন। দিনমজুরি করেন। আড়াইসিধা উত্তরপাড়ার গ্রামে ছোট্ট একটি টিনের ঘরে বাবা, মা ও চার ভাই বোনের সঙ্গে সে বাস করে। কামরুল জানায়, কাজের পাশাপাশি লেখাপড়া করতে হয়েছে। সে বন্ধের দিনগুলোতে রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করত। রাজিয়া সুলতানা: ‘বাড়িয়ালা (স্বামী) এক দিন ভ্যান না চালালে ভাতের হাঁড়ি চড়ে না। কী দিয়ে হামরা পড়ামু মেয়েক। হামরা মেয়েক আনেক আগে বিয়ে দিনু, হিনি মেয়ে বিয়েত রাজি নাই, তাই পড়াশুনা করাচ্ছি।’ কয়েক দিন আগে কথাগুলো বলছিলেন রাজিয়া সুলতানার মা রাবেয়া বেগম। সে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ক্ষেতলাল পাইলট উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তাঁদের বাড়ি উপজেলার সূর্যবান গ্রামে। বাবা আবদুর রহিমের পক্ষে মেয়ের লেখাপড়ার খরচ চালানো সম্ভব ছিল না। তাই রাজিয়া প্রাইভেট পড়িয়ে আয় করে লেখাপড়া করেছে। রাজিয়া জানায়, ‘লেখাপড়া করে প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখেছি। কিন্তু টাকার অভাবে আর কত দূর লেখাপড়া করতে পারব, জানি না।’ জুয়েল রেজা: ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে জুয়েল রেজার অসুস্থ বাবা এনামুল হক মারা যান। মারা যাওয়ার আগে তার বাবা তাকে দ্রুত পরীক্ষা দিতে যেতে এবং ভালো করে লেখাপড়া করতে বলেছিলেন। দরিদ্র ঘরের সন্তান জুয়েল তার বাবার নির্দেশ পালন করেছে। সে এবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা ঘানিতে তেল ভেঙে হাটবাজারে বিক্রি করতেন। চার বছর ধরে অসুস্থ থাকায় জুয়েলকেই এ কাজ করতে হয়েছে। গোমস্তাপুর পাইলট উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ হামিদুজ্জামান বলেন, জুয়েল রেজা অত্যন্ত মেধাবী ছাত্র। সহায়তা পেলে সে আরও এগিয়ে যেতে পারবে। জুনিয়া আক্তার: জুনিয়া আক্তার কুমিল্লা নগরের ফরিদা বিদ্যায়তন থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। অনেক কষ্টে ও অধ্যবসায়ের পর এ সাফল্য এসেছে তার। বাবা ফিরোজ মিয়া ভ্যানচালক। অভাবের সংসার। ভাড়া ঘরে মাথা গোঁজার ঠাঁই হলেও পড়াশোনার কোনো পরিবেশ ছিল না। বাবা ফিরোজ মিয়া বলেন, ‘ভ্যান চালিয়ে ঘর ভাড়া ও নয়জনের ভরণপোষণ জোগাতেই হিমশিম খেতে হয়। তার ওপর সন্তানদের পড়াশোনার খরচ, সব মিলিয়ে হতাশ হয়ে যেতাম। কিন্তু মেয়ে জিপিএ-৫ পাওয়ায় অনেক খুশি হয়েছি।’ জুনিয়া জানায়, সে চিকিৎসক হতে চায়। কিন্তু কলেজে পড়ানোর মতো সামর্থ্য তার বাবার নেই। [প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন সুমন মোল্লা, ভৈরব (কিশোরগঞ্জ), আজিজার রহমান, ক্ষেতলাল (জয়পুরহাট), আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ, গাজীউল হক, কুমিল্লা]