
বাড়ি প্রত্যন্ত এলাকায়। দরিদ্র পরিবারে বেড়ে উঠেছে। কেউ চা বেচে, কেউবা গৃহশিক্ষকতা করে পড়াশোনা করেছে। বিদ্যুৎ না থাকায় কেউ পড়েছে হারিকেনের টিমটিমে আলোয়। এভাবে বহু বাধাবিপত্তি ডিঙিয়ে পড়ালেখা করে স্বপ্নপূরণের চেষ্টায় অবিচল থেকেছে ওরা। ফলাফলও পেয়েছে হাতেনাতে। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ওরা স্বপ্নপূরণের প্রথম ধাপ অতিক্রম করেছে। আজ শুনাব সতত অধ্যবসায়ী এমন চার শিক্ষার্থীর গল্প৷
চা বিক্রি করে পড়ত ক্লিংটন: রাঙামাটির বাঘাইছড়ির প্রত্যন্ত এলাকার ছোট একটি গ্রামের ছেলে ক্লিংটন চাকমা। অজপাড়াগাঁয়ের এই ছেলেই বিজ্ঞান বিভাগ থেকে সব কটি বিষয়ে জিপিএ-৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে৷ গোটা উপজেলায় তার মতো আর কেউ ভালো ফলাফল করতে পারেনি। সে উপজেলার শিজকমূখ উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। ওই বিদ্যালয়ের মাঠের পাশে ছোট শণের ঘরে মা-বাবার সঙ্গে থাকে সে। ঘরের বেড়া ভাঙাচোরা। তার বাবা রবীন্দ্র লাল চাকমার চায়ের একটি দোকান আছে। বড় দুই ভাইবোন শহরে গিয়ে লেখাপড়া করে। চায়ের দোকানের আয় দিয়ে তার বাবার পক্ষে তিন সন্তানের লেখাপড়ার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। তাই বাবার সঙ্গে দোকানে গিয়ে চা বিক্রি করত সে। কাজের ফাঁকে পড়াশোনা করত।
গৃহশিক্ষকতা করত ফাতেমা: জামাল হোসেন দিনমজুর। প্রতিদিন কাজ করে ১৫০-২০০ টাকা আয় করেন। এই আয় দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়। তিন ছেলেমেয়ের লেখাপড়া চালানোর সামর্থ্য নেই তাঁর। তাঁর দুই মেয়েই জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বড় মেয়ে আছিয়া খাতুন ২০১২ সালে আর ছোট মেয়ে ফাতেমা খাতুন এবার ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে। ফাতেমা বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল। দুজনই গৃহশিক্ষকতা করে লেখাপড়ার খরচ জোগাড় করেছে। ভালো ফলাফল করলেও জামাল হোসেন মেয়েকে কীভাবে কলেজে ভর্তি করাবেন, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
অন্যের সহায়তায় পড়েছে হেনা: হেনা আক্তাররা পাঁচ ভাইবোন। সবাই লেখাপড়া করে। ওর বাবা আবু তাহের দিনমজুর। মা মদিনা আক্তার গৃহিণী। বাবা যা আয় করেন তা দিয়ে সংসারই চলে না। ছোট একটি কুঁড়েঘরে বাস করেন তাঁরা। এ রকম অভাব-অনটনের মধ্যে থেকেও লেখাপড়া করেছে হেনা। প্রতিবেশী ও শিক্ষকেরা তাঁকে টাকা ও বই দিয়ে সহায়তা করেছেন। সে এবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার দিলালপুর উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। হেনার বড় বোন রোজিনা আক্তারও ২০১০ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছিলেন।
হারিকেনের আলোয় পড়েছে রায়হান: রায়হান আজাদদের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামে। প্রাথমিক সমাপনী ও জেএসসিতে মেধাবৃত্তি পেয়েছে সে। এবারের এসএসসি পরীক্ষায়ও ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে। লেখাপড়ার বাইরে ২০১১ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় চিত্রাঙ্কনে রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন এবং ২০১৩ সালে সৃজনশীল মেধা অন্বেষণ জেলা পর্যায়ে বিজ্ঞান বিভাগে বছরের সেরা মেধাবী স্বীকৃতি লাভ করেছে। অনেক বয়স হয়ে যাওয়ায় রায়হানের বাবা ফজল রহমান কোনো কাজ করেন না। তার এক ভাই ধানগড়া বাজারে দোকানের কর্মচারী হিসেবে কাজ করেন। তার আয় দিয়েই কোনোমতে সংসার চলে। বৃত্তির টাকা এবং প্রতিবেশী ও শিক্ষকদের সহায়তায় এত দিন সে লেখাপড়া করেছে। ঘরে বিদ্যুৎ নেই। তাই হারিকেনের আলোয় লেখাপড়া করেছে। সংসারে অভাব থাকায় এখন কলেজে ভর্তি হওয়া নিয়ে চিন্তিত হয়ে পড়েছে সে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সাধন বিকাশ চাকমা, বাঘাইছড়ি (রাঙামাটি); আনোয়ার পারভেজ, বগুড়া; রমেশ কুমার পার্থ, নান্দাইল (ময়মনসিংহ) ও সাজেদুল হক, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)]