স্বপ্নপূরণের পরিবর্তে লাশ হয়ে ফিরলেন মনিরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনবদলের স্বপ্ন নিয়ে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিলেন মনিরুল ইসলাম বিশ্বাস (৩২)। তাঁর সে স্বপ্ন পূরণ হয়নি। অবশেষে তিনি দেশে ফিরে এসেছেন। তবে লাশ হয়ে। গত সোমবার পরিবারের সদস্যরা তাঁর লাশ গ্রহণ করেন। মনিরুলের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার কয়ারপাড়া গ্রামে। ডেঙ্গু আক্রান্ত মনিরুল গত ৪ ডিসেম্বর অর্থাভাবে বিনা চিকিৎসায় মালয়েশিয়ার মারা গেছেন।
মনিরুলের বড় ভাই আবুল কাসেম বিশ্বাস (৩৬) স্থানীয় ডিভাইন গার্মেন্টসে শ্রমিকের কাজ করেন। তিনি জানান, মনিরুল পেশায় দিনমজুর ছিলেন। পৈতৃক সূত্রে মনিরুল পৌনে তিন বিঘা জমি পান। এর মধ্যে পাঁচ কাঠা জমি বিক্রি করে এবং দুই বিঘা জমি বন্ধক রেখে এক বছর এক মাস আগে সমুদ্রপথে মালয়েশিয়ায় যান মনিরুল। সমুদ্রপথে দীর্ঘ যাত্রায় তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মালয়েশিয়া পৌঁছান। এই সময় তিনি কোনো কাজ করতে পারেননি। বাড়িতেও কোনো টাকা পাঠাতে পারেননি। দীর্ঘ রোগভোগের পর ৪ ডিসেম্বর তিনি মারা যান। ভাইয়ের মৃত্যুসংবাদ পেয়েও টাকার অভাবে তাঁর লাশ দেশে আনা সম্ভব হচ্ছিল না। পরে সেখানে অবস্থানরত বাংলাদেশিরা চাঁদা তুলে তাঁর লাশ দেশে পাঠিয়েছেন। মৃত্যুর আট দিন পর গত সোমবার তাঁর লাশ গ্রামের বাড়িতে পৌঁছায়। ওই দিন তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনিরুল ইসলামের দুই ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে আশিকুর রহমান (১২) সপ্তম শ্রেণিতে পড়ে, ছোট ছেলে বিপ্লব হোসেন (৯) পড়ে দ্বিতীয় শ্রেণিতে। বড় মেয়ে শারমিন খাতুনের বয়স ছয় বছর আর ছোট মেয়ে মুক্তার বয়স দুই বছর। স্ত্রী হাসিনা বেগম (২৮) বলেন, ‘আশা ছিল উনি বিদেশ গিয়ে টাকা আয় করে পাঠাবেন। সেই টাকায় দায়দেনা শোধ করব। সংসারের উন্নতি হবে। ছেলেমেয়েদের লেখাপড়া শেখাব। কিন্তু আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। কী করে দেনা শোধ করব, ওদের কী খাওয়াব, কীভাবে মানুষ করব চিন্তা করতে পারছি না।’
মনিরুলের বাবা অতিয়ার রহমান বিশ্বাস (৬২) বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে মনিরুলকে বিদেশ পাঠিয়েছিলাম। আমার সে স্বপ্ন ভেঙে গেছে। ওর স্ত্রী ও ছেলেমেয়েরা এখন কোথায় গিয়ে দাঁড়াবে, ভাবতে পারছি না।’