২০১৫ সালের ৩১ জুলাই গভীর রাতে বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহল বিনিময় হয়েছিল। এর মধ্যে ভারতের ভূখণ্ডে ছিল বাংলাদেশের ৫১টি ও বাংলাদেশের ভূখণ্ডে ছিল ভারতের ১১১টি ছিটমহল। বাংলাদেশের বিলুপ্ত ছিটমহলগুলোতে কাঙ্ক্ষিত উন্নয়ন হলেও হতাশা আছে ভারতের বিলুপ্ত ছিটমহলগুলোর বাসিন্দাদের মধ্যে

২০১৫ সালে যে প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের বিলুপ্ত ছিটমহলের লোকজনকে ভারতে নেওয়া হয়েছিল, এক বছর পর তা পূরণ না হওয়ায় তাঁদের একাংশ ছিটমহল বিনিময়ের প্রথম বর্ষপূর্তির উৎসব বর্জন করেছিল। ৬৮ বছরের অমীমাংসিত সমস্যা সমাধানের দুই বছর পেরিয়ে গেলেও ভারতে যাওয়া লোকজনের জন্য ঘোষিত সামাজিক ও আর্থিক প্রকল্প বাস্তবায়িত হয়নি।
গত শনি ও রোববার হলদিবাড়ি, মেখলিগঞ্জ ও দিনহাটার অস্থায়ী শিবিরগুলোতে গিয়ে দেখা গেছে, স্বপ্নভঙ্গের যন্ত্রণায় ক্ষুব্ধ এসব লোকজন। ঐতিহাসিক সিদ্ধান্তের দ্বিতীয় বছরে এখানে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
ছিটমহল বিনিময়ের পর ২০১৫ সালে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহলের ৯২১ জন বাসিন্দা ২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলায় যায়। কিন্তু ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ছিটমহলের কোনো বাসিন্দা বাংলাদেশে আসেনি।
কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়িতে অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া লোকজন তাঁদের ক্ষোভ আর স্বপ্নভঙ্গের কথা জানালেন। তাঁদের একজন বিপুল চন্দ্র রায় বলেন, অস্থায়ী শিবিরে এখন ৪৬টি পরিবারের ২০৫ জন বাস করে। বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা থেকে আসা এসব লোকজন আশ্রয় নিয়েছে এই অস্থায়ী শিবিরে। প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে একটি করে টিনের ছাউনি ও টিনের বেড়ার ঘর। সবার জন্য অভিন্ন শৌচাগার দেওয়া হলেও নারী ও পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। তাঁদের স্থায়ী আবাসনের জন্য শিবিরের কাছে পাকা দোতলা ভবন তৈরির কথা রয়েছে।
তবে মেখলিগঞ্জের শিবিরের লোকজন বলছেন, তাঁরা পানিশালায় পরিকল্পিত পাকা বাড়িতে যাবেন না। কারণ, নদীতীরের এলাকা পানিশালা মানুষের বসবাসের অযোগ্য। তাই তাঁদের ভোটবাড়ির অস্থায়ী শিবিরে স্থায়ীভাবে পাকা বাড়ি করে দিতে হবে। তা না হলে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হোক।
শিবিরের লোকজন বলেন,
পানিশালায় না যাওয়ার দাবিতে গত ১৪ জুন থেকে মেখলিগঞ্জ মহকুমা প্রশাসকের দপ্তরের সামনে অনশন শুরু করেছিলেন তাঁরা। তিন দিন পর জেলা প্রশাসনের মৌখিক আশ্বাসে অনশন প্রত্যাহার করেন। কিন্তু তারপর আর কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। অথচ আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে তাঁরা মার খেয়েছেন। বৃদ্ধ ভৈরব বর্মণ তো বলেই ফেললেন, ‘আমরা তো এখন ফুটবল হয়ে গেছি। কখনো এখানে, কখনো ওখানে। যে যেভাবে শট দিচ্ছে, সেটাই আমাদের মেনে নিতে হচ্ছে।’
শিবিরের লোকজনের অভিযোগ, সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি পাওয়া যাচ্ছে না। তাঁদের দাবি, ভারতের কেন্দ্রীয় সরকার তাঁদের পুনর্বাসনের জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তা অবিলম্বে কার্যকর করতে হবে। স্থায়ী পুনর্বাসনের জায়গা পরিবর্তন করতে হবে। পাঁচের অধিক সদস্যের পরিবারকে দুই বা তিনটি পরিবারে ভাগ করতে হবে। তাঁদের পরিবারের যাঁরা এখনো বাংলাদেশ থেকে আসতে পারেন, তাঁদের আসার ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তফসিলি জাতির স্বীকৃতি দিতে হবে।
জীবন চলে না সরকারি রেশনে
বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ২০০টি পরিবারের ৯২৯ জন সদস্য অস্থায়ীভাবে থাকছে কোচবিহারের তিনটি অস্থায়ী ক্যাম্পে। এর মধ্যে মেখলিগঞ্জে ৪৬টি পরিবারের ২০৫ জন, দিনহাটায় ৫৮টি পরিবারের ২৪৬ জন এবং হলদিবাড়িতে ৯৬টি পরিবারের ৪৭৬ জন সদস্য।
হলদিবাড়ি অস্থায়ী শিবিরে গেলে সেখানকার বাসিন্দারা অভিযোগ করেন, সরকারি রেশনে তাঁদের কীভাবে চলবে? তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। আগে তাঁরা চাষাবাদ করতেন, এখানে সেই ব্যবস্থা নেই। একটি ঘরে গাদাগাদি করে সবাইকে থাকতে হয়। চাকরি নেই, ঋণ নেই। কীভাবে বাঁচবেন তাঁরা! শিবিরের বাসিন্দা অশ্বিনীকুমার রায় বলেন, আয়ের জন্য শিবিরের ২৭ জন ব্যাটারিচালিত টোটো গাড়ি চালান। অনেকে দূরে চলে যান জমিতে কাজ করার জন্য। তাঁদের পরিবারপিছু সরকার থেকে দেওয়া হয় ৩০ কেজি চাল, ৫ লিটার তেল, ৫ লিটার কেরোসিন, ৫ কেজি মসুরির ডাল, ১ কেজি গুঁড়ো দুধ আর ১ কেজি লবণ। এতে কি একটি পরিবার চলতে পারে? যে পরিবারের সদস্যসংখ্যা পাঁচের বেশি, তাদের সদস্যপিছু অবশ্য ৫ কেজি চাল বাড়িয়ে দেওয়া হয়। তবু তাঁদের চলছে না। বাংলাদেশের পঞ্চগড়ের দেবীগঞ্জ, বোদা ও পঞ্চগড় সদর থেকে যাওয়া লোকজনের প্রাণ ছেড়ে আসা ভিটেমাটির জন্য কাঁদে। আগের ভিটায় ফিরতে মন চায়।
‘যেন জেলখানার কয়েদি’
দিনহাটা শিবিরের বাসিন্দা হাওয়া বেগম প্রথম আলোকে বলেন, দীর্ঘ কয়েক যুগ যে কষ্টে তাঁরা ভোগেননি, তার চেয়ে অনেক বেশি যন্ত্রণায় তাঁদের এখন ভুগতে হচ্ছে। স্বাধীনভাবে থাকার প্রত্যাশায় এসে এখন যেন জেলখানার কয়েদি হয়ে গেছেন। নিজের বাড়ি নেই, জমি নেই। কী করে বাঁচবেন? দেশে নিজস্ব জমি ছিল, কাজ ছিল, মাঠে কৃষিকাজ আর ছোট দোকানপাট চালিয়ে চলত জীবন। যদি স্বাধীনতার অধিকার না পান তবে তো তাঁদের ফিরে যাওয়াই উচিত।
বাংলাদেশে থাকার সময় গ্রামে চিকিৎসাসেবা দিয়ে আর ছোট একটি ওষুধের দোকান দিয়ে সংসার চালাতেন ওসমান গনি। দিনহাটায় গিয়ে প্রায় বেকার হয়ে গেছেন। কোনোরকমে টুকটাক কাজ করে সংসার টিকিয়ে রাখার যুদ্ধ করছেন।