স্বপ্না রায় ছিলেন একজন আদর্শ শিক্ষক। প্রিয়দর্শিনী ও প্রিয়ভাষিণী হিসেবেও তাঁর খ্যাতি ছিল সব মহলে। শিক্ষকতাকে তিনি বেশ উপভোগ করতেন। কোনো মোহ ছিল না তাঁর। শিক্ষার্থীরাই ছিল তাঁর প্রাণ। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ইডেন মহিলা কলেজের সদ্য প্রয়াত অধ্যক্ষ স্বপ্না রায়ের স্মরণসভায় বক্তারা ওই মন্তব্য করেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের উদ্যোগে ওই স্মরণসভা হয়। কলেজের জিয়া মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলা বিভাগের প্রধান কানন পোদ্দার। এতে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আবুল কাসেম মিয়া, স্বপ্না রায়ের ছোট বোন চিকিৎসক শোভনা আলম, বাংলা বিভাগের সাবেক শিক্ষক সাবেরা খাতুন, শান্তিরঞ্জন ভৌমিক, জয়নাল আবেদীন, গোলাম মোস্তফা, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক জহিরুল ইসলাম পাটোয়ারী, বাংলা বিভাগের শিক্ষক মশিউর রহমান ও মেহেদী হাসান, লেখক আলী হোসেন চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী আবুল কাশেম ও গাজীউল হক ভূঁইয়া। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে নগরের টাউন হলের সম্মেলনকক্ষে একই দিন আরেকটি স্মরণসভা হয়। বিকেলে অনুষ্ঠিত স্মরণসভায় স্বপ্না রায়ের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জোহরা আনিস, অজিতগুহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী হোসেন চৌধুরী ও কুমিল্লার কাগজ-এর সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম। স্বপ্না রায় ২ নভেম্বর পরলোকগমন করেন।