স্বপ্নের পথে নাজমুল

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সিজিপিএ ৩ দশমিক ৯৮ পেয়ে স্নাতক পাস করেছেন—এমন একজনই আছেন। তাঁর নাম নাজমুল সারোয়ার। অথচ কৃতী এই তরুণ হতে চেয়েছিলেন চিকিৎসক। সে লক্ষ্য পূরণ না হলেও সাফল্যের দরজা ঠিকই খুলে গেছে তাঁর সামনে। আর এই সাফল্যের পেছনে আছে নিয়মিত ক্লাস করা ও রুটিন মেনে পড়াশোনা।
এ বছরের আগস্টে ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদ থেকে স্নাতক পাস করেন নাজমুল। সম্প্রতি প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে কথা হয় তাঁর সঙ্গে। আলাপে উঠে আসে তাঁর ভবিষ্যৎ লক্ষ্য ও সাফল্যের পেছনের কথা।
নাজমুল জানান, স্নাতকে সিজিপিএ ৪–এর মধ্যে ৩ দশমিক ৯৮ পাওয়া সহজ ছিল না মোটেও। এ জন্য তিনি প্রথমেই কৃতজ্ঞতাভরে স্মরণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। তিনি বলেন, ‘শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা না পেলে আর সহপাঠীদের সহযোগিতা না থাকলে আমার এই পর্যন্ত আসা সম্ভব ছিল না।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে মানিয়ে নিতে কষ্ট হতো খুব। ধীরে ধীরে ক্লাস, অ্যাসাইনমেন্ট আর পরীক্ষা—সবকিছুর মধ্যে আনন্দের উৎস খুঁজে পেলাম।’
পড়াশোনা নিয়ে শুরুতে নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না বলে জানান নাজমুল। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের পরিকল্পনা তৈরি করেন তিনি। এমন ভালো ফলের পেছনে কি এই পরিকল্পনাই কাজ করেছে? জানতে চাইলে নাজমুল বলেন, ‘ঠিক তা–ই। প্রতিদিন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস করতাম। রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত পড়তাম। নিয়মিত অনুশীলন ও পরিশ্রমই ভালো ফল এনে দিয়েছে।’
মেধাবী ছাত্র নাজমুল পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পেয়েছেন। এরপর এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছেন। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন চিকিৎসক হবেন। এসএসসি পর্যন্ত স্বপ্নের পথ ধরেই এগোচ্ছিলেন। কিন্তু এইচএসসিতে ফলাফল প্রত্যাশিত হলো না। পেলেন জিপিএ ৪ দশমিক ৯০। এরপর মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর স্বপ্নজয়ের পথে দ্বিতীয়বার হোঁচট খেলেন তিনি। মেডিকেলে ভর্তি হতে না পারায় চিকিৎসক হয়ে দেশের মানুষকে সেবা দেওয়ার স্বপ্ন তখন ফিকে হয়ে এসেছে। তবে নিজের মেধার স্বাক্ষর ঠিকই রাখলেন। মেধাতালিকায় স্থান পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। ভর্তিও হলেন প্রাণিবিদ্যা বিভাগে। দুই মাস ক্লাসও করলেন। কিন্তু ছোটবেলা থেকে চিকিৎসক হওয়ার যে স্বপ্ন তিনি দেখে এসেছিলেন, সে স্বপ্নের এমন অপমৃত্যু মেনে নিতে পারছিলেন না। তাই ক্লাসের ফাঁকে আবারও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিলেন। কিন্তু এবারও স্বপ্নজয়ের পথে হাঁটা হলো না নাজমুলের। টিকলেন না সরকারি মেডিকেল কলেজে। তখন পরিবার চেয়েছিল তাঁকে বেসরকারি মেডিকেলে ভর্তি করিয়ে দিতে। কিন্তু রাজি হননি নাজমুল। এরপর ২০১০ সালের ভর্তি পরীক্ষায় ভালো ফল করে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদে ভর্তির সুযোগ পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করে শুরু করেন জীবনের নতুন অধ্যায়।
নাজমুলের বেড়ে ওঠা চট্টগ্রামের সন্দ্বীপে। পঞ্চম শ্রেণি পর্যন্ত সন্দ্বীপের মগধরা মফিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছেন। এসএসসি পাস করেছেন মগধরা উচ্চবিদ্যালয় থেকে। এরপর চট্টগ্রাম শহরে এসে নাজমুল শুরু করেন তাঁর উচ্চ মাধ্যমিকের শিক্ষাজীবন। এইচএসসি পাস করেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে। পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম ও গৃহিণী রেবেকা পারভীনের চার সন্তানের মধ্যে সবার বড় নাজমুল। আর কত দূরে যেতে চান? এমন প্রশ্নের উত্তরে আবার হাসি ফুটে নাজমুলের মুখে। হেসে উত্তর দেন, পথ বাকি আছে আরও অনেকটা। আপাতত লক্ষ্য স্নাতকোত্তর। সেখানেও শীর্ষ ফলাফল ধরে রাখতে চান তিনি। তারপর প্রয়োজনে যেতে চান দেশের বাইরে উচ্চ শিক্ষা অর্জনের জন্য। এরপর শিক্ষকতা পেশায় যোগ দিয়ে নিজের ছাত্র-ছাত্রীদের মাঝে স্বপ্নের বীজ বুনে দেশকে এগিয়ে নিতে চান মেধাবী এই শিক্ষার্থী।