স্বপ্নের বিদ্যুৎ, দুঃস্বপ্নের বিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়া উপজেলার খন্দকার মালঞ্চি গ্রামে বছির উদ্দিন ও হাসিনা বেগম দম্পতির বাড়ি। আজ বুধবার ছবিটি তোলা। ছবি: প্রথম আলো
নাটোরের বাগাতিপাড়া উপজেলার খন্দকার মালঞ্চি গ্রামে বছির উদ্দিন ও হাসিনা বেগম দম্পতির বাড়ি। আজ বুধবার ছবিটি তোলা। ছবি: প্রথম আলো

মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে প্রায় ছয় মাস ধরে বিছানায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার খন্দকার মালঞ্চি গ্রামের বছির উদ্দিন (৮৫)। এরপর থেকে তাঁর স্ত্রী হাসিনা বেগম অন্যের বাড়িতে টুকিটাকি কাজ এবং একটি গরু ও কিছু হাঁস-মুরগি পালন করে যা রোজগার করেন, তাই দিয়েই কোনো রকমে চলে স্বামী-স্ত্রীর সংসার।

গ্রামে বহুদিন থেকে বিদ্যুৎ থাকলেও টাকার অভাবে বাড়িতে সংযোগ নিতে পারেননি ওই দম্পতি। বাড়িতে বিদ্যুৎ-সংযোগ পাওয়া তাঁদের কাছে ছিল স্বপ্নের ব্যাপার। সম্প্রতি সরকারের শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় স্বপ্ন পূরণ হয় তাঁদের। বিনা খরচে গত বছরের ৩১ অক্টোবর তাঁদের বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। সংযোগ নেওয়ার পর থেকেই ওই বিদ্যুৎ তাঁরা কেবল তিনটি বিদ্যুৎ-সাশ্রয়ী বাল্ব জ্বালানোর কাজে ব্যবহার করেন। প্রায় দেড় মাস পরে ডিসেম্বর মাসে তাঁদের প্রথম বিল আসে ৮১৫ ইউনিট—যার মূল্য ৬ হাজার ২৪৪ টাকা।

এই বিল পাওয়ার পর স্বপ্নের বিদ্যুৎ এখন পরিবারটির কাছে দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। ওই বিদ্যুৎ বিল পরিশোধ করা দরিদ্র এই পরিবারটির পক্ষে অসম্ভব। এ ব্যাপারে হাসিনা বেগম পল্লী বিদ্যুতের স্থানীয় কার্যালয়ে অভিযোগ দিয়েছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি।

হাসিনা বেগম বলেন, প্রথম যেদিন মিটার লাগানো হয়, সেদিনই মিটারে অনেক বেশি বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছিল। এ ব্যাপারে তিনি আপত্তিও জানিয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা তাতে কর্ণপাত করেননি। এ কারণে সামান্য বিদ্যুৎ ব্যবহারের পরও অস্বাভাবিক বিল এসেছে। এই বিল পাওয়ার পর থেকে তাঁর রক্তচাপ বেড়ে গেছে বলে জানান হাসিনা বেগম।

এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সহকারী মহাব্যবস্থাপক (অর্থ) সারওয়ার হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান। তবে পরে আর তিনি জানাননি। একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।