স্বপ্নের ব্যবসায় করোনার ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাজন ও কারিগরদের ঘরে ঘরে এভাবেই পড়ে রয়েছে অবিক্রীত টুকরি। ছবি: লেখক
মহাজন ও কারিগরদের ঘরে ঘরে এভাবেই পড়ে রয়েছে অবিক্রীত টুকরি। ছবি: লেখক

 রিমঝিম বৃষ্টি। আকাশে গর্জন। চারদিক নিস্তব্ধতা। কোনো কোলাহল নেই। নেই পাখির কিচিরমিচিরও। মনে হবে যেন কোনো মৃত্যুশোক বইছে গ্রামবাসী। আসলে তা নয়। গ্রামবাসী শোক বইছে করোনাযুদ্ধে বেঁচে থাকার। তাদের স্বপ্নের ব্যবসায় করোনা ছাই ফেলেছে। তাই তাদের হাসিমাখা মুখগুলো দুমাস আগে থেকেই মলিন হয়ে আছে। বলছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের গুতিয়াবো আগরপাড়া গ্রামের বাঁশ-বেতশিল্পের কারিগরদের কথা।


সরকার কিংবা জনপ্রতিনিধি কেউ খোঁজ নেয় না আগরপাড়া গ্রামের। হাত বাড়িয়ে দেননি সমাজের বিত্তবানরাও। আশপাশের গ্রামের লোকজন এই দুর্যোগকালে সহযোগিতা পেলেও আগরপাড়া গ্রামবাসী যেন ভিনগ্রহের বাসিন্দা—এমনটাই মনে করছেন স্থানীয়রা। অথচ দুমাস আগেও আগরপাড়া কর্মচাঞ্চল্যে মুখর ছিল। এ আগারপাড়া থেকে মাসে বাণিজ্য হতো কয়েক লাখ টাকার।

কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুমাস আগেও আগরপাড়ার গ্রামজুড়েই ছিল বাঁশ-বেতশিল্প। প্রত্যেক ঘরে ঘরে যেন একেকটা বাঁশ-বেতের টুকরি তৈরির কারখানা ছিল। কর্মচাঞ্চল্যে মুখর থাকত প্রতিটা বাড়ির উঠান। কেউ বাঁশ কাটত। কেউ সুতা বাঁধত। করোনার কারণে সবকিছু ফিকে হয়ে আছে। এখন সেই শব্দও নেই, নেই কর্মচাঞ্চল্য।

এলাকা ঘুরে দেখা গেছে, আগরপাড়া বাঁশ-বেতশিল্পের কারিগরদের চেহারা মলিন। অনেকের ঠিকমতো নাওয়া-খাওয়া নেই। কারও চেহারায় হতাশার ছাপ। কেউবা আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। গ্রামজুড়ে কোনো হইহুল্লোড় নেই। লোকজনের দুঃখ-কষ্টে যেন পাখিরাও শামিল হয়েছে। কোথাও পাখির কিচিরমিচির শব্দ পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন বললেন, এখন এলাকা এত নীরব, মানুষ মারা গেলেও এত নীরব থাকে না। দিনে দু–একজন দেখা গেলেও সন্ধ্যার পর গোটা গ্রাম ভুতুড়ে হয়ে যায়। কেন এমন, এ প্রশ্নের জবাবে কারিগরেরা বলেন, অভাব-অনটন বড় বিষয়। খাবার না থাকলে মানুষের কোনো কিছুই ভালো লাগে না। টাকার শোক বড় শোক। প্রত্যেকেই টুকরি বানিয়ে স্টক করে রেখেছে। কিন্তু বিক্রির খবর নেই। আর কিছুদিন গেলে এগুলো নষ্ট হয়ে যাবে। কেউ এনজিও থেকে লোন নিয়ে, কেউ জমি বিক্রি করে এ ব্যবসা চালিয়ে আসছেন। ৪৯ বছর ধরে এলাকায় এ ব্যবসা চলে আসছে। কিন্তু এমন সংকটে কখনো পড়েননি তাঁরা।

কথা হয় ষাটোর্ধ্ব জুলেখা বিবির সঙ্গে। তিনি বলেন, ‘আগে ব্যবসা ভালা আছিলো, তিনবেলা মাছ-মাংস খাইবার পারছি। অহন ব্যবসা নাই ভালা খাওয়নও খাইতারিনা। আমার আর সোয়ামির ওষুধ খাওয়নের টেকাও নাই। আল্লায় জানে করোনা কবে যাইবো। করোনায়গো বাজান আমাগো সব শেষ কইরা দিছে।’ যখন কথাগুলো বলছিলেন জুলেখা বিবি, তখন তাঁর চোখের কোনায় জলের ফোঁটা গড়িয়ে পড়ে। কেবল জুখেলা বিবি নন, রূপগঞ্জ সদর ইউনিয়নের গুতিয়াবো আগরপাড়া এলাকার শতাধিক পরিবার কষ্টে দিনাতিপাত করছে। মহামারি করোনার কারণে তাদের স্বপ্নের ব্যবসায় ছাই পড়েছে।

এক নারী টুকরি বানাচ্ছেন। ছবি: লেখক
এক নারী টুকরি বানাচ্ছেন। ছবি: লেখক

খোঁজ নিয়ে জানা গেছে, আগরপাড়া এলাকার এক শ পরিবার মাসে ৩০ হাজার টুকরি তৈরি করেন। একেকটা টুকরির পাইকারি দাম ৬০ থেকে ৭০ টাকা। একেকজন পাইকার সপ্তাহে ১৫ থেকে ২০ হাজার টাকার টুকরি বিক্রি করেন। কেউ কেউ ৪০ থেকে ৫০ হাজার টাকা বিক্রি করেন। সে হিসাবে সপ্তাহে আগরপাড়া এলাকা থেকে ২০ লাখ টাকার টুকরি বিক্রি হয়, যা মাসে দাঁড়ায় ৮০ থেকে ৯০ লাখ টাকা। কিন্তু করোনার কারণে দুই মাস ধরে টুকরি বিক্রি হচ্ছে না। ফলে প্রত্যেকের গোডাউনে টুকরি মজুত করে রাখা হয়েছে। লাখ টাকার টুকরি এখন মজুত রয়েছে বলে জানান মহাজনেরা।

গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামটির অন্তত ১০০ পরিবার বাঁশের টুকরি তৈরির কাজ করতেন। গ্রামের সেসব টুকরিই বিক্রি হতো ফতুল্লা, কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে। বাড়ি বাড়ি ঘুরে সেসব টুকরি কিনে নিতেন পাইকারেরা। এখন ব্যবসা নেই। তাই পাইকারেরাও আসেন না।

আগারপাড়া গ্রামের টুকরি কারিগর সত্তরোর্ধ্ব মোসলেউদ্দিন বলেন, ‘আমার বয়সে এমুন মহামারি দেহি নাই। করোনার লেইগ্যা ব্যবসা নাই। অনেক অভাব-অনটনে আছি। কাম নাই, মহাজনরা মাল নেয় না। ত্রাণও পাই না।’ মোসলেউদ্দিনের সঙ্গেই কাজ করছেন তাঁর মেয়ে শাহনাজ বেগম। তিনি বলেন, ‘কওয়ার কিছু নাই। আমাগো খোঁজখবর কেউ নেয় না। ছটাক চাইলও আমরা পাই নাই।’

উঠানে দাঁড়িয়ে সলিম মিয়া। থাকেন অন্যের জমিতে। সুদে টাকা নিয়ে বাঁশ কিনে টুকরি বানিয়েছেন। তাঁর ঘরে এখন ২০ হাজার টাকার টুকরি মজুত রয়েছে। সলিম মিয়া বলেন, ‘জীবনে কহনো এমুন অয় নাই দাদা। অনেক ঝড়-তুফান গেছে, মাগার ব্যবসা মরে নাই। এইবার ব্যবসা মইরা গেছে, আমাগোও মাইরা গেছে করোনায়।’ সলিম মিয়ার মতো জুলেখা বিবির ৪২ হাজার, বিলকিস বেগমের ২৫ হাজার, মোসলেউদ্দিনের ২৫ হাজার, আরব আলীর এক লাখ টাকার টুকরি গুদামে মজুত রয়েছে। বিক্রি করতে না পারায় এগুলো দিনে দিনে নষ্ট হতে চলছে বলে তাঁরা জানান।

কথা হয় পাইকার আরব আলীর সঙ্গে। তিনি বলেন, তাঁর মতো গ্রামের অন্তত এক হাজার লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে টুকরি তৈরির কাজে যুক্ত। এই গ্রাম থেকে মাসে কয়েক লাখ টাকার টুকরি বিক্রি হতো। করোনার কারণে এবার সব শেষ হয়ে গেছে। রূপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আহম্মেদ বলেন, ‘আমার জানামতে আগরপাড়া এলাকায় যাঁরা অসচ্ছল, তাঁরা সহযোগিতা পেয়েছেন।’