স্বপ্নের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ছেলেকে এনে দাও, ও মরতে পারে না। ও জিপিএ-৫ পাবে, প্রকৌশলী হবে, কত স্বপ্ন ওর বুকে। এত স্বপ্ন বুকে নিয়ে কেউ মরতে পারে না। তোমরা মিথ্যে বলছো।’ছেলের মৃত্যুসংবাদে মাকসুদা আকতারের এ রকম বুকফাটা আর্তনাদে গতকাল সোমবার দুপুরে ভারী হয়ে ওঠে বরগুনা জেনারেল হাসপাতালের পরিবেশ। হাসপাতালে উপস্থিত কয়েক শ সহপাঠী, শিক্ষক, আত্মীয়, এমনকি চিকিৎসক-সেবিকাদের চোখও ভিজে যায় এই আহাজারি দেখে। মাকসুদার ছেলে বরগুনা জেলা স্কুলের মেধাবী ছাত্র মুজাহিদুল ইসলাম গতকাল দুপুরে জেলা পরিষদের দিঘিতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।সহপাঠীরা জানায়, আট বন্ধু মিলে গতকাল বেলা দেড়টার দিকে জেলা পরিষদের দিঘিতে গোসল করতে গিয়েছিল মুজাহিদ। গোসলের একপর্যায়ে সাঁতার না জানায় ডুবে যায় সে। সহপাঠীরা তাৎক্ষণিকভাবে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে বরগুনা জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল এবং অনূর্ধ্ব-১৪ জেলা দলের অন্যতম খেলোয়াড় ছিল। প্রাথমিক বৃত্তি লাভকারী মুজাহিদ শহরের কলেজ ব্রাঞ্চ রোড এলাকার ব্যবসায়ী মমিনুল ইসলাম মাসুদের বড় ছেলে।বরগুনা জেলা স্কুলের সহকারী শিক্ষক হোসনেয়ারা কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, শান্ত স্বভাবের মুজাহিদ পড়াশোনায় বরাবরই খুব ভালো ছিল। বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘বরগুনার ক্রিকেট-অঙ্গন একটি খুদে নক্ষত্রকে হারাল। ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল।’