স্বপ্নের সবজিখেত পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবজি ভান্ডার খ্যাত শেরপুরের সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের জঙ্গলদী নয়াপাড়া গ্রামে বন্যার পানিতে ডুবে থাকা পেঁপেবাগান l ছবি: প্রথম আলো
সবজি ভান্ডার খ্যাত শেরপুরের সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের জঙ্গলদী নয়াপাড়া গ্রামে বন্যার পানিতে ডুবে থাকা পেঁপেবাগান l ছবি: প্রথম আলো

আধা একর জমিতে পটোলের আবাদ করেছিলেন মো. নাঈম মিয়া। খরচ হয়েছিল ৩০ হাজার টাকা। গাছগুলো বেড়ে উঠছিল। কিছু গাছে পটোল ধরা শুরু করেছিল। কিন্তু বন্যার পানি এক রাতেই পুরো খেত ডুবিয়ে দিয়েছে।

 হাতের ইশারায় নিজের খেতের অবস্থানটা দেখিয়ে কৃষক নাঈম মিয়া বললেন, ‘এইখানে যে পানি দেখতাছেন এইটা কোনো বিল না, আবাদি জমি। এইখানে আমরা সবজি চাষ করছিলাম। কিন্তু বন্যার পানিতে পুরা এলাকা ডুইবা গেছে। এর নিচে রইছে আমগ্র স্বপ্নের সবুজ সবজিখেত। বন্যার পানি আমগ্র সবজির স্বপ্ন ভাইঙা দিছে। অহন আমরা ক্যামনে বাঁচমু? ক্যামনে সংসার চালামু?’

নাঈম মিয়ার বাড়ি শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী নয়াপাড়া গ্রামে। বলাইয়েরচর সবজি ভান্ডার হিসেবে খ্যাত। গত রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, এখনো অধিকাংশ এলাকায় বন্যার পানি জমে আছে। সবজিসহ বিভিন্ন খেত পানির নিচে তলিয়ে আছে। সামনের দিনগুলোতে পানি নেমে গেলেও আবার আবাদ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন কৃষকেরা।

একই গ্রামের প্রান্তিক চাষি সুলতান মিয়া বলেন, ‘নিজের জমি নাই। ৬ কাঠা (৩০ শতাংশ) জমি বর্গা নিয়া মুলা, ঝিঙা, চিচিঙ্গাসহ বিভিন্ন সবজি আবাদ করছিলাম। সব সবজি পানির নিচে তলাইয়া গেছে। অহন জমির মালিকরে কী দিমু আর নিজেই বা কী নিমু? ক্যামনে চলব আমগ্র দিন। সরকারের কাছে আমরা বাঁচার জন্য সাহায্য চাই।’

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার সকালে ব্রহ্মপুত্র নদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে শেরপুর সদর উপজেলার চরাঞ্চলে প্রবেশ করে। এতে উপজেলার চরপক্ষীমারী, চরমোচারিয়া, কামারেরচর, বলাইয়েরচর, রৌহা ও বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়।

কৃষি সম্প্রসারণ বিভাগের প্রাথমিক হিসাবে, শেরপুর সদরে তিন হাজার হেক্টর জমির আমন, আউশ ও সবজিখেত বন্যার পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া পানির প্রবল স্রোতে অসংখ্য পুকুরের পরিমাণ মাছ ভেসে গেছে। আকস্মিক বন্যা এখন কৃষকের চোখের জল হয়ে ঝরছে। অন্যদিকে রয়েছে ব্যাংক ও বিভিন্ন সমিতি থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের চাপ। ফলে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।

জঙ্গলদী গ্রামের ২০ জন কৃষক বলেন, বলাইয়েরচর ইউনিয়নের অধিকাংশ মানুষ সবজি আবাদের ওপর নির্ভরশীল। ধানের পাশাপাশি সারা বছরই সবজির আবাদ করা যায়। এ এলাকায় উৎপাদিত বেগুন, পটোল, করলা, চিচিঙ্গা, ঝিঙা, ধুন্দুল, লালশাক, লাউশাকসহ বিভিন্ন সবজি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়। কিন্তু এবারের বন্যায় ধান, সবজিসহ অধিকাংশ ফসল নষ্ট হয়ে গেছে। এতে কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়েছেন।

জঙ্গলদী পূর্বপাড়া গ্রামের সবজিচাষি সুরুজ মিয়া বলেন, ‘৫০ শতাংশ জমিতে উন্নত জাতের বেগুন আবাদ করছিলাম। বাজারে এই বেগুনের অনেক দাম। গত মৌসুমে বেগুন আবাদ কইরা ১ লাখ ৩০ হাজার টাকা আয় করছিলাম। এবার সামনের আশ্বিন মাসের প্রথম সপ্তাহেই বেগুন উঠাইয়া বেচতে পারতাম। কিন্তু তার আগেই বন্যা সব ধ্বংস কইরা দিছে।’

জঙ্গলদী নয়াপাড়া গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা নাহিদ হাসানের ক্ষতি হয়েছে আরও বেশি। তিনি ছয় একর জমি ইজারা নিয়ে পেঁপের বাগান করেছিলেন। এতে প্রায় ৮ লাখ টাকা বিনিয়োগ করেন। গাছে পেঁপে ধরা শুরু করেছে। ইতিমধ্যে ৪০-৪৫ হাজার টাকার পেঁপে বিক্রিও করেছেন। কিন্তু বন্যায় পুরো পেঁপের বাগান নষ্ট হয়ে গেছে। গাছের পাতাগুলো হলুদ হয়ে মরে যাচ্ছে।

শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা বলেন, চরাঞ্চলের অনেক কৃষক সবজি আবাদ করে স্বাবলম্বী হয়েছেন। ফলে এখানে দিন দিন শাকসবজির আবাদ বাড়ছিল। কিন্তু এবার বন্যায় তাঁরা চরম ক্ষতির মুখে পড়েছেন। তিনি বলেন, বন্যায় উপজেলায় যে তিন হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে, তার মধ্যে ১৮০ হেক্টর সবজিখেত। বন্যার পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার ব্যবস্থা করবে তাঁর দপ্তর।