স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি গণজাগরণ মঞ্চের

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ। আজ দুপুরে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন ছয় সদস্যদের একটি প্রতিনিধিদল এই স্মারকলিপি দেয়।
গণজাগরণ মঞ্চের কর্মী ও প্রতিনিধিদলের সদস্য মারুফ রসূল প্রথম আলো ডটকমকে বলেন, ১৮ ও ১৯ ডিসেম্বর পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বর্বর নির্যাতন ও লাঠিচার্জের সঙ্গে জড়িতদের অবিলম্বে প্রত্যাহার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়। বেলা দেড়টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মাঈনুদ্দিন স্মারকলিপি গ্রহণ করেন।
পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে বেলা আড়াইটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
ইমরান এইচ সরকার ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন মারুফ রসূল, শামীমা সুলতানা, ইকরামুল হক, মনজুর মঈন ও ইমরান হাবীব।
মঞ্চের কর্মীরা শাহবাগ থেকে একটি মিছিল নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা হন। কিন্তু দোয়েল চত্বরে পুলিশ মিছিলটি আটকে দেয়।
এদিকে বিকেল চারটার দিকে পাকিস্তানি পণ্য বর্জনের প্রচার শুরু করবেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। আজ শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় এই প্রচার চালাবেন তাঁরা।