স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে বিচার চাইলেন উর্দুভাষীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় কথায় সড়কে নেমে আর কোনো ধরনের ‘ঝামেলা’ করবেন না বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন ‘উর্দু স্পিকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট’র নেতারা। একই সঙ্গে তাঁরা কালশীর হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

রাজধানীর মিরপুরের কালশীতে হামলা-সংঘাতে ১০ জনের মৃত্যুর পাঁচ দিন পর আজ বুধবার সচিবালয়ে গিয়ে আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেয় ‘উর্দু স্পিকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট’। ওই সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের সময় প্রতিমন্ত্রীকে তাঁরা এ প্রতিশ্রুতি দেন।
এ সময় নেতারা ভোটার তালিকায় তালিকাভুক্তির মধ্য দিয়ে নিজেদের বাংলাদেশের নাগরিক হিসেবে তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে কালশীর হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
স্মারকলিপিতে শনিবারের হামলার জন্য পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাকে দায়ী করা হয়। এতে বলা হয়, মূলত জমি দখলের জন্যই ওই হামলা হয়েছে। এ ছাড়া সন্দেহজনক কয়েকজনের নামের একটি তালিকাও প্রতিমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান সংগঠনটির সভাপতি সাদাকাত খান। তিনি বলেন, ২০০৬ সালে পাশের ক্যাম্পে একই কায়দার চারজনকে হত্যা করা হয়েছিল।
সাদাকাত খান বলেন, তারা নয়জনকে পুড়িয়ে হত্যাসহ ১০ জন নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচার, নির্ভয়ে বসবাস করার নিশ্চয়তা ও স্থায়ী জমি চান। এ সময় তাঁদের কাছে কথায় কথায় সড়কে না-নামার প্রতিশ্রুতি চান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
আসাদুজ্জামান খান এসব বিষয় জানিয়ে সাংবাদিকদের বলেন, নেতারা জমির বিষয়ে বলেছেন। আরও কিছু কথা উঠে এসেছে। বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে বোঝা যাবে কেন এই ঘটনা ঘটল। উর্দু স্পিকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট’র নেতাদের সঙ্গে কথা বলার সময় এক সাংবাদিক ‘পাকিস্তানফেরত’ বললে শহীদ আলী বাবলু নামের এক নেতা বলেন, ‘আমাদের পাকিস্তানফেরত বিহারি বলবেন না। আমরা মনেপ্রাণে বাঙালি। আমরা এ দেশের ভোটারও।’
এদিকে আজও কালশী সড়কের একাংশ আটকে দিনভর বিক্ষোভ করেছে বিহারিরা। আজ সকালে সেখানে বাংলাদেশি বিহারি পুনর্বাসন সংসদের প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমদ খান ১০ জনকে হত্যার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেন। তদন্ত শেষ হওয়ার আগে রাজনৈতিকভাবে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত না করার আহ্বান জানান তিনি।
এদিকে বিহারিদের সংগঠন স্ট্রান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটি (এসপিজিআরসি) কাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। ১০ জনকে হত্যার ঘটনায় জড়িতদের বিচার. ক্যাম্পবাসীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার হওয়া লোকজনের মুক্তিসহ কয়েকটি দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন এসপিজিআরসির সাধারণ সম্পাদক এম শওকত আলী।