স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ভোট ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-১ আসনে (বেড়া-সাঁথিয়া) দুটি স্থানে চারটি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে ও ব্যক্তিগত সহকারীর নেতৃত্বে ভোট ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

প্রিসাইডিং কর্মকর্তা, স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ষাটিয়াকোলা ইবতেদায়ি মাদ্রাসার দুটি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের লাঞ্ছিত করে ও ভয়ভীতি দেখিয়ে ৪৭৫টি ভোট কেটে ব্যালট বাক্সে ঢুকিয়ে দিয়েছেন নৌকা মার্কার সমর্থকেরা। প্রিসাইডিং কর্মকর্তা আতিকুর রহমান জানান, বিষয়টি তিনি ইউএনওকে অবহিত করেছেন।

সাঁথিয়া শহীদ নগর সরকারি উচ্চবিদ্যালয়ের দুটি কেন্দ্রে একইভাবে ২৩৮টি ভোট কেটে নিয়েছেন নৌকা মার্কার সমর্থকেরা। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘এই ভোট অবৈধ ভোট। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।’

স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদ (তালা) অভিযোগ করেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের সমর্থকেরা অর্ধশতাধিক ভোটকেন্দ্র দখল করে ভোট জালিয়াতি করছেন। তবে অভিযোগ নাকচ করে শামসুল হক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ চলছে।

স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদের পোলিং এজেন্ট আমিনুল ইসলাম দাবি করেছেন, আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে আশিক আল শামস ও এপিএস আনিসুজ্জামানের নেতৃত্বে একদল লোক অস্ত্রসহ দুটি মাইক্রোবাসে করে ভোটকেন্দ্রে যান। তাঁরা সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের লাঞ্ছিত করে ও ভয়ভীতি দেখিয়ে ভোট কেটে নিয়েছেন।

এ ছাড়া কাশীনাথপুর ইউনিয়নের হুইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৭৯০। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৯০টি ভোট পড়েছে।

পাবনা-১ আসনের সাঁথিয়া উপজেলার সামান্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টার দিকে দুই গাড়ি ভর্তি লোক গিয়ে ভোটকেন্দ্র দখল করে ভোট দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ দুটি গুলি ছোড়ে।

সাঁথিয়া থানার পিপুলিয়া মহিলা দাখিল মাদ্রাসায় সকাল সাড়ে ১২টার দিকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। কেটিএস আয়েশা খাতুন কেন্দ্রের মোট ভোটার সংখ্যা দুই হাজার ৩৭৬ জন। দুপুর দুইটা পর্যন্ত ভোট পড়েছে ৪৫০টি। অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল কম।