স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সাতজনকে প্রাণনাশের হুমকি
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ সাতজন বিশিষ্ট নাগরিককে প্রাণনাশের হুমকি দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১৩ নামে একটি সংগঠন। আজ বিকেল পাঁচটায় ঢাকার ধানমন্ডি থানায় এ ঘটনা জানিয়ে সাধারণ ডায়েরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী।
পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল করিম প্রথম আলোর কাছে সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়া হুমকি দিয়ে পাঠানে ওই চিঠিতে আরও যাদের নাম রয়েছে তাঁরা হলেন, ইউজিসির সাবেক চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী, ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, কলা অনুষদের ডিন মো. আকতারুজ্জামান, অভিনেত্রী শমী কায়সার ও আবু মুসা জাকারিয়া। তবে আবু মুসা জাকারিয়ার পরিচয় জানা যায়নি।
ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, আজ ইউজিসির সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর ধানমন্ডির বাসায় হুমকিসম্বলিত চিঠিটি আসে। তাই প্রক্টর এম আমজাদ আলী ধানমন্ডি থানায় জিডিটি করেছেন ।