বাংলা নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। বাধা পেয়ে আন্দোলনকারীরা হাইকোর্টের সামনে থেকে ফিরে আসেন।
বাম ছাত্রসংগঠনগুলোর দুটি জোট—প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য গতকাল বুধবার সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় ছাত্রনেতারা অবিলম্বে লাঞ্ছনাকারীদের বিচার না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনকারীরা গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে মিছিল করে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেন। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে দোয়েল চত্বরের দিকে গেলে মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। শিশু একাডেমীর সামনে চার স্তরের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাঁদের পথ আটকে দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা ধাক্কাধাক্কি করে প্রতিবন্ধকতা সরিয়ে আরও সামনের দিকে যান। এতে বেশ কয়েকজন নেতা-কর্মীর হাত এবং হাঁটু কেটে-ছিঁড়ে যায়। নেতা-কর্মীরা হাইকোর্ট মোড়ে গেলে সেখানে দ্বিতীয় দফা বাধা দেয় পুলিশ। পরে তাঁরা সেখানেই সমাবেশ করেন।
এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক বলেন, ঘটনার এক মাস পার হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি; বরং লাঠি, বন্দুক, জলকামান দিয়ে পুলিশ তাদের ব্যর্থতা ঢাকতে চায়।