স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পত্র দিয়েছি। দাবি করেছি, দ্রুত সময়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে তদন্ত প্রতিবেদন যাতে কমিশনের কাছে পাঠানো হয়। এ প্রতিবেদনের নিরিখে পরবর্তী করণীয় নির্ধারণ করবে কমিশন। আমরা এখনো এ প্রতিবেদন পাইনি। প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছি। এটি পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেব।’
আজ রোববার বিকেলে সিরডাপ মিলনায়তনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মিজানুর রহমান। মিলনায়তনের ভেতরে ‘জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১’ শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। ওই সেমিনারের একপর্যায়ে গণমাধ্যমকর্মীদের আহ্বানে মিজানুর রহমান মিলনায়তনের বাইরে এসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
মিজানুর রহমান বলেন, ‘যে আইনে মানবাধিকার কমিশনের গঠন, সে আইনেই কমিশনকে সুপারিশমূলক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু কোনো নির্বাহী ক্ষমতা দেওয়া হয়নি। নারায়ণগঞ্জের জঘন্যতম ঘটনা ঘটার পরও কমিশনের পক্ষে আইনি বাধায় তদন্ত করা সম্ভব হয়নি।’
হাইকোর্টে সংবিধান প্রণেতা কামাল হোসেনের করা রিটের কথা উল্লেখ করে মিজানুর রহমান বলেন, ‘এ রিটে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। এর কারণ, আমরা যে উদ্বেগ প্রকাশ করছি, বিচলিত হচ্ছি, বিভিন্ন সময়ে সুপারিশ করছি, তার বাস্তবায়ন হচ্ছে না। কাজ করতে গিয়ে আইনগত অন্তরায়ের কারণে কাজ করতে পারছি না। রিটের মাধ্যমে উচ্চ আদালতের সামনে গিয়ে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। প্রত্যাশা করছি, উচ্চ আদালত এমন কোনো নির্দেশ দেবেন, যার ফলে ভবিষ্যতে অন্তরায়গুলো দূর করা সম্ভব হবে।’
বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিত্সকদের কর্মবিরতি সম্পর্কে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষকে চিকিত্সাসেবা থেকে বঞ্চিত করার অধিকার কারও নেই। এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। ফৌজদারি অপরাধের সমপর্যায়ে পড়ে এটি। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রাষ্ট্র তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।
মিজানুর রহমান জানান, মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আইন কমিশনকে চিঠি দিয়ে চিকিত্সাসেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্য দ্রুত একটি আচরণবিধি তৈরির সুপারিশ করা হয়েছে। এ আচরণবিধি রাষ্ট্র গ্রহণ করবে এবং চিকিত্সা সেবায় নিয়োজিত সবাই তা মানতে বাধ্য হবেন বলেও উল্লেখ করেন তিনি।
জাতীয় নারী উন্নয়ন নীতি নিয়ে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মাহফুজা খানম। সেমিনারে মূল প্রবন্ধ পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন। এ ছাড়া বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, সাংসদ শিরীন আখতার, অর্থনীতিবিদ এম এম আকাশ প্রমুখ আলোচনায় অংশ নেন।