স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিধি লঙ্ঘন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ সদস্যদের প্রশ্নের জবাব না দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদের কার্যপ্রণালি বিধি লঙ্ঘন করেছে। গতকাল সোমবার জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এক রুলিংয়ে এ কথা বলেন।
স্পিকার বিধি মেনে প্রশ্নের জবাব দেওয়ার বিষয়ে সব মন্ত্রণালয়কে যত্নবান হতে নির্দেশ দিয়েছেন।
বর্তমান সংসদে এ ধরনের রুলিং এটাই প্রথম।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একই প্রশ্নের জবাব একাধিকবার স্থানান্তর করায় গত ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাংসদ আবুল কালাম আজাদ সংসদে ক্ষোভ প্রকাশ করেন এবং সংসদে মন্ত্রীদের জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি এ বিষয়ে স্পিকারের রুলিং দাবি করেন।
এ বিষয়ে গতকাল স্পিকার বলেন, সংসদ সদস্য আবুল কালাম আজাদ গত ২ ফেব্রুয়ারি যে প্রশ্নটি করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তা ১৬ ফেব্রুয়ারি উত্তর দেওয়ার জন্য স্থানান্তর করেন। ১৬ ফেব্রুয়ারি প্রশ্নটির উত্তর দেওয়া আবশ্যক ছিল, অথবা মন্ত্রণালয় থেকে প্রশ্নটি আবারও স্থানান্তরের অনুরোধ করার প্রয়োজন ছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কোনোটিই করা হয়নি। পরবর্তী দিনে স্থানান্তরের অনুরোধও করেনি। এটা কার্যপ্রণালি বিধির ব্যত্যয়।
স্পিকার বলেন, আবুল কালাম আজাদ একই প্রশ্ন গত বছরের ১৯ নভেম্বর অষ্টম অধিবেশনে করেছিলেন, যা পরবর্তী নির্ধারিত দিনে উত্তর দেওয়ার জন্য স্থানান্তর করা হয়েছিল। কিন্তু পরবর্তী নির্ধারিত দিন আসার আগেই অধিবেশন শেষ হয়ে যায়।
স্পিকার বলেন, মন্ত্রীদের কাছে যদি কোনো প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেওয়ার জন্য তথ্য না থাকে, বা উত্তর দিতে প্রস্তুত না থাকেন, তাহলে কার্যপ্রণালি বিধির ৫২ অনুযায়ী পরবর্তী নির্ধারিত দিনে উত্তর দেওয়ার জন্য রাখতে পারেন। কাজেই কার্যপ্রণালি বিধির ৫২ অনুযায়ী সব মন্ত্রণালয়কে কার্যপ্রণালি বিধি অনুসরণ করে প্রশ্নের উত্তর দেওয়ার বিষয়ে অধিক যত্নবান ও মনোযোগী হওয়ার নির্দেশ দেওয়া যাচ্ছে।
এর আগে নবম জাতীয় সংসদে সবচেয়ে বেশি প্রশ্ন স্থানান্তর করেছিলেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী। বেশির ভাগ প্রশ্ন ছিল হত্যা, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও সীমান্তে বাংলাদেশি হত্যাবিষয়ক।