স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছুই করতে পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ এবং হত্যার ঘটনায় দৃশ্যমান কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আলাপকালে পরিস্থিতি মোকাবিলায় নিজেদের অসহায়ত্বের কথা স্বীকার করেছেন।
একসঙ্গে সাত ব্যক্তিকে দিনদুপুরে তুলে নিয়ে হত্যা করার মতো ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘আমাদের পদত্যাগ কেউ চায়, তা আপনার কাছেই প্রথম শুনলাম।’ তিনি বলেন, সরকারের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। শুরু থেকেই বিষয়টিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে।
গত সপ্তাহে এই অপহরণের ঘটনার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরও তিনি বলেছিলেন, এ ঘটনায় যাদের নামে মামলা হয়েছে, তাদের খুঁজে বের করে যেকোনো মূল্যে গ্রেপ্তার করা হবে। দু-এক দিনের মধ্যে বড় কিছু দেখাবেন, সে কথাও বলেছিলেন তিনি। কিন্তু তিনি কিছুই করতে পারেননি। সাতজনেরই লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে আরও একজন ব্যবসায়ী অপহূত হয়েছেন। তবে এই ব্যবসায়ী অপহরণের বিষয়ে কিছুটা ‘ক্লু’ পাওয়া গেছে বলে গতকাল শুক্রবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন।
এদিকে প্রতিমন্ত্রী দাবি করেই যাচ্ছেন, পরিসংখ্যান অনুযায়ী বিগত বছরের তুলনায় গুম, অপহরণ বাড়েনি। এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই। বিগত সালে যে ধরনের ঘটনা ঘটেছে, তার তুলনায় বর্তমানে কমই হয়েছে।
আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আসাদুজ্জামান খান গতকাল প্রথম আলোকে বলেন, দু-চারজন আসামিকে ধরতে পারলে পরিস্থিতি শান্ত হতো। কিন্তু পরিস্থিতি শান্ত না হলে কোনো আসামিকেই গ্রেপ্তার করা যাচ্ছে না। যাদের ধরার চেষ্টা চলছে, তারাও তো আত্মগোপনে চলে গেছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী গাজীপুরে যা বলেছেন, তার সঙ্গে আমিও একমত। আমি গোয়েন্দাদের নির্দেশ দিয়েছি, নারায়ণগঞ্জের ঘটনাগুলো ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করে আমার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে।’
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় বলেন, ‘বিএনপির এক নেতা বলেছেন, চোরাগোপ্তা আন্দোলন করবে। চোরাগোপ্তা আন্দোলন করে নাকি সরকারের পতন ঘটাবে। যাদের চুরি করার অভ্যাস, চোর চোর মন, যারা হত্যা ও চোরাগোপ্তা হামলার রাজনীতিতে বিশ্বাসী, তারাই এসব করে। এখন দেশে যে চোরাগোপ্তা হত্যাকাণ্ড হচ্ছে, এর জন্য তারাই যে দায়ী, এতে আর কোনো সন্দেহ নেই।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুম-খুন-অপহরণ কারা করছে, তা বলার দরকার পড়ে না। জনগণ জানে, এটা কারা করছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, শুধু শুধু দোষারোপ করে সত্যকে আড়াল করা যাবে না; বরং তাদের এই আচরণে কারও বুঝতে বাকি নেই যে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার কোনো ইচ্ছাই তাদের নেই।
জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘প্রত্যেকের ভেতরে আতঙ্ক ও ভীতিকর অবস্থা বিরাজ করছে। দেশ এখন বিশেষ সন্ধিক্ষণ অতিক্রম করছে। এ নিয়ে আমরা উদ্বিগ্ন, শঙ্কিত ও চিন্তিত। এই অবস্থা থেকে স্বস্তি ফিরিয়ে আনতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা নিতে হবে।’