স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাগ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাগ করে দুটি বিভাগ করা হচ্ছে। এর একটি জননিরাপত্তা বিভাগ, অন্যটি সুরক্ষা সেবা বিভাগ। এ দুই বিভাগে মোট ৪৯৩টি পদে কর্মকর্তা-কর্মচারী থাকবেন।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাজের চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ ভাগ-সংক্রান্ত সম্মতির চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
জননিরাপত্তা বিভাগের অধীনে থাকবে রাজনৈতিক ও আইসিটি, পুলিশ, আনসার ও সীমান্ত, আইন ও শৃঙ্খলা, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন অনুবিভাগ। সুরক্ষা সেবা বিভাগের অধীনে থাকবে নিরাপত্তা ও ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি), অগ্নি ও মাদকদ্রব্য, আইন ও শৃঙ্খলা, বহিরাগমন, কারা ও সমন্বয়, প্রশাসন ও অর্থ এবং উন্নয়ন অনুবিভাগ। জননিরাপত্তা বিভাগে ২০৬টি পদ এবং সুরক্ষা সেবা বিভাগে ২৮৭টি পদ সৃজন করা হয়েছে। দুই বিভাগে দুজন সচিব দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর পাঠানো এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ভাগ করার পাশাপাশি অর্থ বিভাগের সম্মতি গ্রহণসহ বিধিগত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটি এবং প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে।
অনেক দিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ দুটি বিভাগে ভাগ করার কথা চলছিল। এদিকে শিক্ষা মন্ত্রণালয়কে তিনটি ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুটি বিভাগ করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলেছে, ইতিমধ্যে তারা দুটি মন্ত্রণালয়ের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুশাসন পাঠিয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিধি বড় হওয়ায় আরেকটু আলোচনা করে দুটি বিভাগ করার অনুশাসন দেওয়া হবে। নতুন এসব বিভাগ সৃষ্টি হলে আলাদা করে সচিবের পদও তৈরি হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বলেছে, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আজিমুদ্দিন বিশ্বাসের স্বাক্ষরে একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়। চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুটি বিভাগে রূপান্তরে প্রধানমন্ত্রীর অনুশাসনের বিষয়ে জানানো হয়।
দুটি বিভাগ করার বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান প্রথম আলোকে বলেন, ‘ভারতসহ অন্যান্য দেশে মন্ত্রণালয়ে আলাদা বিভাগ থাকে। তাতে কাজের সুবিধা হয়। যেমন আমাকে একা ১০টি বিভাগ চালাতে হয়। কাজের প্রচণ্ড চাপ। অনেক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ও রয়েছে।’
শিক্ষা মন্ত্রণালয়কে ভেঙে তিনটি বিভাগ করার অনুশাসন দিয়ে চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ মন্ত্রণালয়কে উচ্চশিক্ষা বিভাগ, মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ভাগ করার কথা বলা হয়েছে। এর মধ্যে উচ্চশিক্ষা বিভাগের অধীনে বিশ্ববিদ্যালয় এবং মাস্টার্স, অনার্স ও ডিগ্রি কলেজ; মাধ্যমিক শিক্ষা বিভাগের অধীনে প্রাথমিকের পর থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে থাকবে সব ধরনের কারিগরি, ভোকেশনাল ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান।
জানতে চাইলে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়য়ের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত চেয়ে চিঠি দিয়েছি। এত কাজের চাপ বিভাগ করা ছাড়া সামলানো মুশকিল।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাসুদেব গাঙ্গুলি গতকাল প্রথম আলোকে বলেন, ‘এটা অনেক বড় মন্ত্রণালয়। আমি তো মনে করি ফ্যামিলি প্ল্যানিং, চিকিৎসা, প্রশাসন—এগুলোর জন্য আলাদা বিভাগ করা অত্যন্ত জরুরি।’