স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ করা হয়েছে। একটি বিভাগ হলো জননিরাপত্তা বিভাগ এবং আরেকটি সুরক্ষা সেবা বিভাগ।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ আদেশ জারি করেছে। অর্থাৎ​ এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ চলবে এই দুটি বিভাগের মাধ্যমে। এত দিন একজন সচিব ছিলেন। এখন দুই বিভাগের জন্য দুজন সচিব থাকবেন।

জননিরাপত্তা বিভাগের অধীনে চলবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, আর সুরক্ষা সেবা বিভাগের অধীনে চলবে পাসপোর্ট অধিদপ্তরসহ অন্য বিভাগগুলো।

বেশ কিছুদিন ধরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আরও কয়েকটি মন্ত্রণালয়ে দুটি বিভাগ করার প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে দুটি বিভাগ করা হয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও দুটি বিভাগ করা হলো। এ ছাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়েও দুটি বিভাগ করার পরিকল্পনা রয়েছে।