স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষা সমন্বয় সেল গঠন
নাশকতাকারীদের সম্পর্কে তথ্য দিতে আইনশৃঙ্খলা রক্ষা সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এসব কথা জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম এবং দশম সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে দুষ্কৃতকারীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।
যে দুষ্কৃতকারীরা খুন, জখম, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে বা পরিকল্পনা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সহায়তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত ও জননিরাপত্তা রক্ষায় তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য তাদের তথ্য টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে জানানোর জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অযৌক্তিক হরতাল ও অবরোধের নামে রাস্তা অবরোধ, রেললাইনের ফিশপ্লেট উত্তোলন, অগ্নিসংযোগ, স্লিপার খুলে ফেলার কারণে যানচলাচল ও রপ্তানি পণ্য পরিবহন সাময়িকভাবে ব্যাহত হয়েছে। জনমনে স্বস্তি, যান চলাচল ও রপ্তানি পণ্য পরিবহন স্বাভাবিক করতে সন্ত্রাস ও নাশকতায় লিপ্ত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
সরকারের এ কার্যক্রমে সহযোগিতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইনশৃঙ্খলা রক্ষা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। সমন্বয় সেলে যোগাযোগের ফোন নম্বর: ৯৫৭৩৮০২; ফ্যাক্স নম্বর: ৯৫৭৪৫২৮।