স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
আগুন-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ

আগুন-সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেছেন, আগুন সন্ত্রাসীদের কোনো ক্ষমা নেই। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করার মতো মানবতার বিরুদ্ধে অপরাধ যাতে আর কেউ করতে না পারে, এ জন্য যারা এ ধরনের অপরাধ করবে, তাদের আইনের আওতায় আনা হবে। তারা কোনো ক্ষমা অথবা ছাড় পাবে না। আর যাতে কেউ এমন অপরাধ করতে না পারে, এ জন্য তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।
প্রধানমন্ত্রী গতকাল সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তাঁর বক্তব্যে এ কথা বলেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বিএনপি-জামায়াতের কথিত তিন মাসের আন্দোলন সম্পর্কে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, দীর্ঘ ৯২ দিন তাঁর অফিসে অবস্থান করে খালেদা জিয়া কিছু অর্জন করেননি বরং সাধারণ মানুষের অবর্ণনীয় দুর্ভোগের সৃষ্টি করেছেন। সন্ত্রাসীদের দমন এবং বিএনপি-জামায়াত জোটের ধ্বংসাত্মক কার্যক্রম রোধের পাশাপাশি তিনটি সিটি করপোরেশনের অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থাগুলোর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
বিএনপি অবরোধ প্রত্যাহার করতে লজ্জা পাচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, অবরোধ এখনো প্রত্যাহার করেনি। যদিও এর কার্যকারিতা নেই। হয়তো এখন অবরোধ প্রত্যাহার করতে লজ্জা পাচ্ছে। বলবেই বা কী করে প্রত্যাহার। এটা আছে না নাই এটাই কেউ জানে না।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার উন্নয়ন ও কল্যাণে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। ভারতের রাজ্যসভায় সীমান্তবিল পাস হওয়ার বিষয়টিকে বাংলাদেশ সরকারের কূটনৈতিক সাফল্য হিসেবে দাবি করে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আমাদের একটা বিরাট অর্জন। এটাকে আমরা বড় কূটনৈতিক সাফল্য বলে মনে করি।’ রাজ্যসভায় পাস হওয়ার পর এখন বিলটি লোকসভায় যাবে। লোকসভায় বিলটি পাস হলে ছিটমহলবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটতে পারে। শেখ হাসিনা বলেন, ‘১৯৪৭ থেকে দেশভাগের পর এটা সমাধান হয়নি। ১৯৭১-এর পর আমরা যখন স্বাধীন হলাম তখন বঙ্গবন্ধু এ বিষয়ে উদ্যোগ নিলেন। সব কাজ করে গেলেন কিন্তু ’৭৫-এর পর আর কোনো সরকার কোনো রকম উদ্যোগই নেয়নি। সমুদ্রসীমা বা সীমান্ত নিয়েও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’
দশম জাতীয় সংসদ শুরু হওয়ার পর গত বছর ১৩ মার্চ প্রধানমন্ত্রী প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেন। এটি ছিল তাঁর দ্বিতীয় পরিদর্শন।
প্রধানমন্ত্রী নিজেই এ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। আর প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল।