স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির প্রতিবাদে ফুলবাড়ীতে মশাল মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রস্তাবিত কয়লাখনি এলাকার অরাজনৈতিক সম্মিলিত পেশাজীবী সংগঠন গত শনিবার সন্ধ্যায় শহরে মশাল মিছিল ও পথসভা করেছে।ফুলবাড়ীতে উন্মুক্ত খনির বিষয়ে এশিয়া এনার্জির নতুন প্রস্তাব ও এশিয়া এনার্জিকে সহায়তার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো চিঠির প্রতিবাদে স্থানীয় লোকজন শনিবার সন্ধ্যায় মিছিলটি বের করেন। পৌর মেয়র মানিক সরকার মিছিলে নেতৃত্ব দেন। মিছিল শেষে তাঁরা নিমতলা মোড়ে পথসভা করেন এবং এশিয়া এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গ্যারি লাইয়ের কুশপুত্তলিকা দাহ করেন।আন্দোলনকারীদের নেতা মানিক সরকার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ঘনবসতি ও অন্যান্য সমস্যার কারণে ফুলবাড়ীর খনি আগামী প্রজন্মের জন্য মজুদ রাখা হবে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিতর্কিত এশিয়া এনার্জিকে জরিপকাজে সহায়তার নির্দেশ দিচ্ছে। আমরা কোনটিকে সত্য মানব? কোনো অবস্থায় স্থানীয় লোকজন খনি চান না। খনি নিয়ে ষড়যন্ত্রের প্রথম প্রতিবাদ হিসেবে মশাল মিছিল করা হয়েছে। চক্রান্ত ও ষড়যন্ত্র বন্ধ করা না হলে এরপর কঠোর কর্মসূচি দেওয়া হবে।’