
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে সাত খুনের বিষয়ে প্রতিবেদন পাওয়ার পরই কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে৷ গতকাল রোববার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জাতীয় নারী উন্নয়ননীতি, ২০১১’ শীর্ষক এক সেমিনারের একপর্যায়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠানরত সেমিনারের একপর্যায়ে গণমাধ্যমের কর্মীদের আহ্বানে মিজানুর রহমান বাইরে এসে তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। নারায়ণগঞ্জের ঘটনার পর কমিশনের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, এ প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, ‘সাত খুনের ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পত্র দিয়েছি। দাবি করেছি, দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে তদন্ত প্রতিবেদন যাতে কমিশনের কাছে পাঠানো হয়। এ প্রতিবেদনের নিরিখে পরবর্তী করণীয় নির্ধারণ করবে কমিশন। আমরা এখনো এ প্রতিবেদন পাইনি। প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছি। এটি পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেব৷’
চেয়ারম্যান এ সময় বলেন, যে আইনে মানবাধিকার কমিশনের গঠন, সে আইনে কমিশনকে সুপারিশমূলক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, কোনো নির্বাহী ক্ষমতা দেওয়া হয়নি৷ তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের জঘন্যতম ঘটনা ঘটার পরও কমিশনের পক্ষে আইনি বাধায়ই তদন্ত করা সম্ভব হয়নি।
বিভিন্ন হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি সম্পর্কে মিজানুর রহমান বলেন, ‘সাধারণ মানুষকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার অধিকার কারও নেই। এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। ফৌজদারি অপরাধের সমপর্যায়ে পড়ে৷ যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, রাষ্ট্র তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’
চেয়ারম্যান বলেন, মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আইন কমিশনকে চিঠি দিয়ে চিকিৎসাসেবায় নিয়োজিতদের জন্য দ্রুত একটি আচরণবিধি তৈরির সুপারিশ করা হয়েছে।
সেমিনার: জাতীয় নারী উন্নয়ননীতি নিয়ে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মাহফুজা খানম।
স্বাগত বক্তব্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘জাতীয় নারী উন্নয়ননীতি হচ্ছে এক পা এগোলে দুই পা পিছিয়ে যাওয়ার নীতি।... এ ধরনের দোলাচলে মানবাধিকারকর্মীরা দুলছি।’
‘নারী উন্নয়ন নীতিমালা, ২০১১: সাফল্য ও চ্যালেঞ্জ’ শীর্ষক মূল প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, সাংসদ শিরীন আখতার, অর্থনীতিবিদ এম এম আকাশ প্রমুখ আলোচনায় অংশ নেন।