স্বরাষ্ট্র-শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইসির বৈঠক কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন কবে আয়োজন হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূল কি না, তা নিয়ে আলোচনা জন্য স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাল বৃহস্পতিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বেলা ১১টার দিকে ইসি সচিবালয় মিলনায়তনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রে জানা গেছে, জুনের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন করতে চায় ইসি।
বৃহস্পতিবার বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ, চার নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মোহাম্মদ শাহ নেওয়াজ এবং ইসি সচিবালয়, দুই মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।
এ ব্যাপারে জানতে চাইলে ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম আজ বুধবার প্রথম আলোকে বলেন, ইসি সচিবালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন কমিশন স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে যে সিদ্ধান্ত নেবে, ইসি সচিবালয় সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
সচিব আরও জানান, ঢাকা ও চট্টগ্রাম সিটির ভোটার তালিকা চূড়ান্ত। উত্তর ঢাকার ভোটার সংখ্যা ২৩ লাখ ৩৯ হাজার ৩১৩, দক্ষিণ সিটির ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ এবং চট্টগ্রাম সিটির ভোটার সংখ্যা ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন। ঢাকা উত্তর সিটির সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৮৭, দক্ষিণ সিটির ৮৭৩ এবং চট্টগ্রাম সিটির ভোটকেন্দ্রের সংখ্যা ৭৫০টি।
ইসি সচিবালয় ও শিক্ষা বোর্ড সূত্র জানায়, চলমান সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হয়ে ১১ জুন শেষ হবে। অন্যদিকে ১৯ জুন থেকে রোজা শুরু হবে। ইসি জুনের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে যেকোনো দিন ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের দিন নির্ধারণ করতে চায়। এ ক্ষেত্রে ইসি থেকে পরীক্ষার সূচিতে কিছুটা পরিবর্তন আনার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে কি না, সে বিষয়ে আলোচনা হবে।