স্বরাষ্ট্রমন্ত্রী অনভিজ্ঞ তাঁর পদত্যাগ চায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অনভিজ্ঞ। এ কারণে একের পর এক ঘটনা ঘটছে। অথচ রাষ্ট্র কোনো ব্যবস্থা নিতে পারছে না। তিনি বলেন, বিএনপি মনে করে এই স্বরাষ্ট্রমন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিত।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে মওদুদ আহমদ এ কথা বলেন।মওদুদ আহমদ বলেন, ‘এ সরকারের পক্ষে জনগণকে আর নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এ সরকারের সময় দেশ এমন পরিস্থিতিতে পৌঁছেছে যে সাংবাদিকেরাও এখন আর নিরাপদ নয়। পুলিশ একের পর এক ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। এসবের পরেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “পুলিশ এখন আগের চেয়ে ভালো।” এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে বিএনপি।’সাবেক এই আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনী পরিচালনায় একেবারেই অনভিজ্ঞ। এক নারীর শ্লীলতাহানির পরও তিনি পুলিশকে ভালো বলছেন। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, পুলিশ থেকে দূরে থাকতে। এসব ঘটনা প্রমাণ করে পুলিশের ওপর মন্ত্রীদের কোনো নিয়ন্ত্রণ নেই। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার গণতন্ত্র ও আইনের শাসন অগ্রাহ্য করছে। দেশে এখন আর কেউ নিরাপদ নয়। সরকার বিরোধী মত সহ্য করতে পারছে না।বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ইন্টারন্যাশনাল ডায়াল এইড ফাউন্ডেশন আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকও বক্তব্য দেন।