স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের উসকানি দিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদকে রাষ্ট্রপতির পুলিশ পদক দেওয়া প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘চূড়ান্ত দায়িত্বহীন ও বেপরোয়া’ বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা। তাঁরা বলেন, এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি পুলিশ কর্মকর্তাদের উসকানি দিচ্ছেন বিরোধী রাজনৈতিক নেতাদের নির্যাতন করার জন্য। গতকাল বুধবার মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের এক সভায় নেতারা এসব কথা বলেন। তাঁরা বলেন, শপথ নিয়ে এভাবে হিংসা ও বিরাগের বশবর্তী হয়ে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করার তৎপরতা সুস্পষ্টভাবে শপথের লঙ্ঘন। কাজেই মহীউদ্দীন খান আলমগীরের মন্ত্রী থাকার কোনো নৈতিক অধিকার আর নেই।বাম মোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকির সভাপতিত্বে তোপখানা রোডের মোর্চার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) আবদুস সাত্তার, বাসদের (মাহবুব) মহিনউদ্দিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।