গাবতলী অবরুদ্ধ করে শ্রমিকেরা যে তাণ্ডব চালিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলার কয়েক ঘণ্টা পরে গতকাল বুধবার রাতে ৪০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে দারুস সালাম থানায় তিনটি মামলা হয়েছে।
গত মঙ্গলবার রাত থেকে ধর্মঘটী শ্রমিকেরা গাবতলীতে ব্যাপক ভাঙচুর চালান ও ইটপাটকেল নিক্ষেপ করেন। আগুন ধরিয়ে দেন একটি পুলিশ বক্স ও রেকারে। এক পুলিশ সার্জেন্টকে মারধর করে তাঁর মোটরসাইকেলটিও পুড়িয়ে দেন।
গতকাল মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘পুলিশ মেমোরিয়াল ডে’র অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলা হবে না কেন? তারা পুলিশের রেকার জ্বালিয়েছে, পুলিশ বক্সে আগুন দিয়েছে, হামলা করেছে। গতকাল আবার একটি জিপে হামলা করতে গিয়ে একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। ধৈর্য ধরে তাঁরা পরিস্থিতির মোকাবিলা করেছেন। এখন আমরা যা করার করব।’
গাবতলীর ঘটনায় গতকাল রাতে রাজধানীর দারুস সালাম থানায় তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সহস্রাধিক জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রগুলো জানিয়েছে। তবে এসব মামলায় জাতীয় পর্যায়ের কোনো শ্রমিক নেতাকে আসামি করা হয়নি। পুলিশের মিরপুর বিভাগের একজন কর্মকর্তা রাতে প্রথম আলোকে বলেন, তিনটি মামলার মধ্যে দুটি করেছে পুলিশ বাদী হয়ে। এর একটিতে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ আনা হয়েছে। আরেকটি করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে। এ ছাড়া ওই সময় আহত হওয়া এক ব্যক্তির পরিবার থেকে আরেকটি মামলা করা হয়েছে।
দারুস সালাম থানা সূত্র জানায়, এসব মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতানামা আরও সহস্রাধিক জনকে আসামি করা হয়েছে। শ্রমিক সংগঠনগুলোর জাতীয় পর্যায়ের কোনো নেতাকে আসামি করা হয়নি। এসব শ্রমিক সংগঠনের জাতীয় নেতাদের প্রায় সবাই সরকারপন্থী। তাঁদের মধ্যে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীও রয়েছেন।