স্বরাষ্ট্রমন্ত্রীকে আবারও রাজাকার বললেন কাদের সিদ্দিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম আবারও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে রাজাকার বলে মন্তব্য করেছেন। গতকাল বুধবার সিলেটের বিশ্বনাথে বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর বাড়িতে গিয়ে তাঁর মায়ের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। দুপুরে কাদের সিদ্দিকী উপজেলার রামধানার বাড়িতে গিয়ে ইলিয়াস আলীর মা সূর্যবান বিবির সঙ্গে দেখা করেন। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সেখানে বিএনপিসহ অঙ্গসংগঠনের উপস্থিত নেতাদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ইলিয়াস আলীর সন্ধানের দাবির আন্দোলনকে গতিশীল করতে তাঁর (ইলিয়াস) মায়ের কাছ থেকে দোয়া চেয়েছেন তিনি। তিনি বলেন, ‘ইলিয়াসের মা আজ বড়ই অসহায়। এত দিন ধরে তিনি জানেন না, তাঁর সন্তান কোথায় আছে। সে জীবিত আছে, না মরে গেছে—তাও তিনি জানেন না। সরকারও তার সন্ধান দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’ কাদের সিদ্দিকী বলেন, ‘ইলিয়াসের মতো আওয়ামী লীগের কেউ গুম হলেও আমি তাঁর সন্ধানের জন্য আন্দোলন করব। কারণ, আমি গুমের রাজনীতিতে বিশ্বাসী নই।’ এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় যুব আন্দোলনের সদস্য মলয় কুমার সাহা, কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক হাবিবুন নবী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মঈনুল হক, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।