স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিলেন মীনাক্ষী গাঙ্গুলি

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ‘তিনি আমাদের কাছে নেই: বাংলাদেশে গোপনে আটক ও গুম’ শিরোনামের ৮২ পৃষ্ঠার একটি প্রতিবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি।
মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, ‘না, বাংলাদেশ, সত্য কখনো নেতিবাচক প্রচারণা হতে পারে না।’
গত বুধবার ‘তিনি আমাদের কাছে নেই: বাংলাদেশে গোপনে আটক ও গুম’ শিরোনামের ৮২ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে এইচআরডব্লিউ। এরপরেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের সময়ও আমাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা করেছে এই সংগঠনটি। তাদের বর্তমান প্রতিবেদনটিও সেই প্রচারণার অংশ।’
আজ শনিবার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে ‘নো, বাংলাদেশ, দ্য ট্রুথ ইজ নট এ ‘স্মিয়ার ক্যাম্পেইন’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা মন্তব্যের এই জবাব দিয়েছেন মীনাক্ষী গাঙ্গুলি।
প্রতিবেদনে বলা হয়, এইচআরডব্লিউর প্রতিবেদন বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমাদের দেশে আপনি কাকে গুম বা নিখোঁজ বলবেন? এখানে পাওনাদারের দাবি না মেটাতে পেরে ব্যবসায়ী নিখোঁজ হন। বিবাহবহির্ভূত সম্পর্ক করে কেউ কেউ নিখোঁজ হয়ে যান। আমরা এঁদের উদ্ধার করে নিয়ে আসি।’
মীনাক্ষী গাঙ্গুলি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, রাষ্ট্রের কোনো এজেন্ট যদি কাউকে আটক করে রাখে (অথবা সর্বশেষ তাকে দেখা গেছে), স্বাধীনতা হরণ করে বা তিনি কোথায় আছেন, তা জানা যায় না এবং তাঁর আইনি কোনো সুরক্ষা থাকে না—এমন ব্যক্তিকে ‘নিখোঁজ’ বলা হয়।
মীনাক্ষী গাঙ্গুলি বলেন, এ ক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ বিশ্লেষণ দিয়েছে। অনেক ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ব্যক্তিকে পরিবারের সদস্যদের বা প্রত্যক্ষদর্শীদের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারা নিজেদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), গোয়েন্দা শাখা (ডিবি) বা প্রশাসনের সদস্য হিসেবে পরিচয় দিয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী, ওই ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার কথা থাকলেও তা করা হয়নি। তুলে নিয়ে যাওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা বারবার হয়তো পুলিশের কাছে বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে খোঁজ নিতে গেছেন। কিন্তু তাঁরা ওই ব্যক্তিদের আটক করার কথা অস্বীকার করেন। কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে নিখোঁজ কাউকে কাউকে অবৈধভাবে আটক রাখার পর আদালতে হাজির করা হলেও অন্যদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের মুখ বন্ধ রাখতে বলা হয়েছে। অনেককে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা করা হয়েছে। এ ছাড়া অনেকে এখনো নিখোঁজ।
মীনাক্ষী গাঙ্গুলি বলেন, এসব ঘটনার তদন্তের প্রতিশ্রুতি দেওয়ার বদলে খান (স্বরাষ্ট্রমন্ত্রী) ঘোষণা দিয়েছেন, তাঁর সরকার এ প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করবে। অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান হিসেবে তিনি দাবি করেছেন, জাতিসংঘ গুম নিয়ে কখনো প্রশ্ন তোলেনি। যাই হোক, এসব অনিয়মের বিষয়ে বিস্তারিত জানিয়ে মন্তব্য চেয়ে চিঠি পাঠিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। তবে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্সেস থেকে এ ব্যাপারে কয়েক দফা জানতে চাওয়া হলেও বাংলাদেশ সরকার তা এড়িয়ে গেছে। হিউম্যান রাইটস কমিটিও এ ব্যাপারে কড়া সতর্কতা দিয়েছে।
মীনাক্ষী গাঙ্গুলি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিলেন, তখন তিনি মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো বারবার তুলে ধরতেন। তিনি ক্ষমতায় গেলে এসব বন্ধ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমানে তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদ প্রায় শেষের দিকে। এ বিষয়ে তারা পূর্বসূরিদের আচরণের প্রতিধ্বনিই তুলছে না, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গোপনে বিরোধীদলীয় নেতা ও সমালোচকদের গুম করছে। দলটির নেতা হাছান মাহমুদ অভিযোগ করেছেন, হিউম্যান রাইটস ওয়াচ পক্ষপাত দোষে দুষ্ট। তিনি আগের বিরোধী দলের সহিংসতা ও যুক্তরাষ্ট্রে তাদের কর্মকাণ্ডের নিন্দা জানানোর বিষয়টি এড়িয়ে গেছেন। বাংলাদেশ তার চেয়েও ভালো কিছু করতে পারে এবং তাদের তা করা উচিত।