পূজা উদ্যাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
স্বরাষ্ট্রমন্ত্রীকে সাতক্ষীরা যাওয়ার আহ্বান জানালেন সুরঞ্জিত
সাতক্ষীরার কালীগঞ্জে ‘ধর্মীয় সংখ্যালঘুদের’ বাড়িতে লুটপাট ও নির্যাতনের ঘটনা তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রতিমন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ার আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তদন্তের পর তিনি এ বিষয়ে সংসদকে অবহিত করার আহ্বান জানান।গতকাল শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে রেলমন্ত্রী এ আহ্বান জানান। ‘সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করো, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের দ্রুত বাস্তবায়ন চাই’ স্লোগান সামনে রেখে এবার এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।সাতক্ষীরার ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যায়িত করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ওই ঘটনায় আমাদের সবারই লজ্জিত হওয়া উচিত। এ ঘটনায় জগন্নাথ হলের ছাত্ররা যেভাবে প্রতিবাদ করেছে, তাতে সত্যিই আমি আপ্লুত, উদ্বেলিত।’ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের তাগিদ দিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এটি এখন পর্যন্ত না হওয়াটা মানা যায় না। এই সভার মাধ্যমে আমরা এর দ্রুত বাস্তবায়ন চাই।’মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) সি আর দত্ত। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সম্পাদক তাপস কুমার পাল, উপজাতীয় শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা প্রমুখ। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী। গতকালের সম্মেলনে কানুতোষ মজুমদারকে সভাপতি এবং মণীন্দ্র কুমার নাথকে সাধারণ সম্পাদক করে পূজা উদ্যাপন পরিষদের দুই বছরের কমিটি গঠন করা হয়।পূজা উদ্যাপন কমিটির সম্মেলনের উদ্বোধনী পর্ব চলাকালে কালীগঞ্জের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্ররা মিছিল করে মন্দিরে প্রবেশ করেন। তাঁরা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি নাটক মঞ্চস্থ হয়। ওই নাটকে ইসলাম ধর্মকে কটাক্ষ করা হয়েছে—এমন অভিযোগ এনে কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনের কর্মী-সমর্থকেরা হিন্দুধর্মাবলম্বীসহ স্থানীয় কয়েকজনের বাড়িতে লুটপাট চালায় এবং তাদের ওপর নির্যাতন করে। ওই ঘটনায় সাতক্ষীরার পুলিশ সুপার ও সদর থানার ওসিকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে।