স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ডাকাতসর্দার’ বললেন মির্জা ফখরুল
দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যুবলীগ-ছাত্রলীগের সহায়তা চাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ডাকাত দলের সর্দার’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে আমরা বিস্ময়ে হতবাক হয়ে যাই। মনে হয়, তিনি কোনো মাফিয়া চিফ কিংবা ডাকাত দলের সর্দার। সরকারের সব মন্ত্রী আজ একই সুরে কথা বলছেন। কারণ, তাঁদের পায়ের তলায় মাটি নেই। তাঁরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছেন।’ ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে গতকাল রোববার আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ মন্তব্য করেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনার আয়োজন করে স্বেচ্ছাসেবক দল।‘খালেদা জিয়া সর্প হয়ে দংশন করেন, আবার ওঝা হয়ে ঝাড়ছেন’—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী কী বলছেন না বলছেন, সেটাও বুঝতে পারছেন না। তিনি আবার আবোল-তাবোল বকা শুরু করেছেন। ড. ইউনূস সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘এক দিন অর্থমন্ত্রী বললেন, ইউনূসের কারণেই আমাদের দেশে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। যখন দেখলেন ভুল হয়ে গেছে, তখন বললেন থুক্কু আমার ভুল হয়ে গেছে। ইউনূসই আমাদের প্রকৃত বন্ধু। এ ধরনের অর্থমন্ত্রী কী করে পদে বহাল থাকেন?’স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ প্রমুখ। সরকার আবার ইউনূসের ওপর চড়াও হয়েছে: নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সরকার আবার ড. ইউনূসের ওপর চড়াও হয়েছে। যদি ড. ইউনূস এত ক্ষমতাবান হয়ে থাকেন, তাঁর জন্য সব বিনিয়োগ আটকে থাকে, তা হলে সরকারের উচিত ক্ষমতা ত্যাগ করে যাঁদের কথা আন্তর্জাতিক মহল শুনবে, তাঁদের কাছে ক্ষমতা হস্তান্তর করা।বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এম কে আনোয়ার এ কথা বলেন। জাগ্রত ফোরাম নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে। এম কে আনোয়ার অভিযোগ করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার এ সরকারের উদ্দেশ্য নয়। তাঁদের উদ্দেশ্য রাজনৈতিক স্বার্থ হাসিল করা। তিনি দাবি করেন, আওয়ামী লীগ জামায়াতকে নিয়ে নির্বাচন করতে চাইছে।