স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় পরিচয়ে প্রতারণার চেষ্টা, গ্রেপ্তার
পটুয়াখালীর দুমকি থানার পুলিশ গতকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতি পরিচয়ে প্রতারণা করার অভিযোগে মো. হুমায়ুন কবির (৩৭) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে। হুমায়ুন দুমকি উপজেলার সাতানি গ্রামের মো. মতলেব শরীফের ছেলে। দুমকি থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হুমায়ুন নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতি পরিচয় দিয়ে মুঠোফোনে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাঁর বাড়িতে যেতে বলেন। ওসি তাৎক্ষণিকভাবে তাঁর বাড়িতে যান। এ সময় হুমায়ুন ও তাঁর স্ত্রীর কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পায়। একপর্যায়ে ওসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে নিশ্চিত হন যে পটুয়াখালীতে হুমায়ুন নামে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ভগ্নিপতি নেই। এরপর তিনি হুমায়ুনকে গ্রেপ্তার করেন। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনেয়াজ বলেন, জিজ্ঞাসাবাদে হুমায়ুন জানিয়েছেন তিনি বাসচালক এবং ঢাকায় তাঁর গাড়ির ব্যবসা আছে। তাঁর সঙ্গে প্রতিবেশীর জমিজমা নিয়ে বিরোধ ছিল। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে পুলিশের কাছ থেকে সহায়তা পেতে এ ধরনের পরিচয় দিয়েছেন।