স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ডিপ্লোমা প্রকৌশলীদের অবরোধ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের আশ্বাসে রাজধানীর তেঁজগাওয়ের সাতরাস্তা মোড় থেকে অবরোধ তুলে নিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ।

আজ রোববার বেলা একটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দুই দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে ঘণ্টাব্যাপী অবরোধ তুলে নেওয়া হয়। মন্ত্রী এ সময় আজকের কর্মসূচিকে কেন্দ্র করে আটক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মুক্তির ঘোষণা দেন।

প্রণোদনা প্রদানসহ বেতনবৈষম্য দূর ও পেশাগত সমস্যা সমাধান এবং কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের দাবিতে আজ দুপুর ১২টা থেকে তেজগাঁও এলাকার সাতরাস্তার মোড় অবরোধ করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, শিক্ষক ও ছাত্ররা।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ নিউইয়র্ক যাওয়ার আগে এসব দাবি বাস্তবায়নের অনুরোধ করেন পরিষদের নেতারা।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. ফজলুল হক মল্লিক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজ রাতে নিউইয়র্ক যাওয়ার আগে আমাদের দাবি বাস্তবায়নের নির্দেশ দিয়ে যান। না হলে ফিরে দেখবেন বাংলাদেশ তছনছ হয়ে যাবে।’

এ সময় ২৫ সেপ্টেম্বর জাতীয় সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল করে স্পিকারের কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন পরিষদের আহ্বায়ক ফজলুল হক মল্লিক।

এর আগে বেলা ১১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেটে সমাবেশ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ। সমাবেশ শেষে সাতরাস্তা মোড়ে অবস্থা নেয় তারা।